শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, ৩ বছরের শিশুর মৃত্যুতে আহত পরিবারের ৩ জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে জায়ান নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় শিশুটির পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার আব্দুল মুহিত দিপুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়। চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারলে দ্রুতগতির গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে আছড়ে পড়ে। এতে গাড়ির ভেতরে থাকা পরিবারের চার সদস্যই গুরুতর জখম হন। খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক জায়ানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত শিশুর দাদি শামছুন নাহারের দুই পা ও তার ৮ বছর বয়সি ভাই আয়ানের এক পা ভেঙে গেছে। এছাড়া শিশুটির বাবা আব্দুল মুহিত দিপু মাথা ও বুকে মারাত্মক আঘাত পেয়েছেন। তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

