বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

ছয় মাস চলে বাণিজ্য, বাকি সময় অলস দুই স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ এএম
ছয় মাস চলে বাণিজ্য, বাকি সময় অলস দুই স্থলবন্দর

জয়নাল নামের আরেক শ্রমিক জানান, বন্দরের কাজের সঙ্গে শুধু তারা নন, স্থানীয় দোকানদার, চা বিক্রেতা ও ট্রাকশ্রমিকসহ অনেক মানুষ যুক্ত। বন্দর বন্ধ থাকলে তাদের সবার আয় কমে যায়। কয়লা আসার সময় পুরো এলাকায় মানুষের আনাগোনা বাড়ে। আমদানি বন্ধ হলে দোকানেও ক্রেতা থাকে না।

ফরিদ মিয়া নামের আরেক শ্রমিক বলেন, আমরা চাই বন্দরটা শুধু কয়েক মাসের জন্য না, সারা বছর চলুক। কয়লা না থাকলেও অন্য পণ্য এলে আমাদের কাজ থাকবে। তখন এলাকার মানুষও উপকৃত হবে।

স্থানীয়দের প্রত্যাশা, অনুমোদিত বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি বাড়িয়ে দুই বন্দরের কার্যক্রম সারা বছর সচল করা হোক। এতে একদিকে ব্যবসার পরিধি বাড়বে, অন্যদিকে বন্দরের সঙ্গে যুক্ত হাজারো শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে গড়ে তুলতে যে অর্থ ব্যয় হয়েছে, তার সুফলও পাওয়া যাবে।

গোবরাকুড়া স্থলবন্দরে প্রায় ৩৫০ জন এবং কড়ইতলী স্থলবন্দরে ২৫০ জন ব্যবসায়ী রয়েছেন। ব্যবসায়ীদের অনেকের মতে, শুধু কয়লার ওপর নির্ভর করে ব্যবসা চালানো কঠিন। কারণ, কয়লার চাহিদা মূলত ইটভাটার ওপর নির্ভরশীল।

ব্যবসায়ীরা বলছেন, পণ্য আমদানি-রপ্তানির পরিধি বাড়ানো গেলে শুধু বন্দরের ব্যবসাই বাড়বে না, ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতিতেও।

কয়লা ব্যবসায়ী হাসিবুর রহমান বলেন, ইটভাটায় যখন কয়লার চাহিদা থাকে, তখন আমদানি করা যায়। কিন্তু মৌসুম শেষ হয়ে গেলে কয়লা বিক্রি করা কঠিন হয়ে পড়ে। তখন বন্দরে পণ্য পড়ে থাকে, ব্যবসায়ীদের টাকা আটকে যায়। ফলে ঝুঁকি নিয়ে সারা বছর কয়লা আমদানি করা সম্ভব হয় না।

আরেক ব্যবসায়ী মনির হোসেন বলেন, আমরা শুধু কয়লার ওপর নির্ভর করতে চাই না। পাথর, মসলা ও অন্যান্য অনুমোদিত পণ্য আমদানির সুযোগ কাজে লাগাতে চাই। একই সঙ্গে বাংলাদেশের মাছসহ বিভিন্ন পণ্য ভারতে পাঠানোর সুযোগ তৈরি করা গেলে বন্দরের কার্যক্রম সারা বছর চালু রাখা সম্ভব।

হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাদিম আহমেদ বলেন, কয়লার পাশাপাশি পাথর ও মসলাজাতীয় পণ্য আমদানির বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে মাছসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানির পরিকল্পনাও রয়েছে তাদের। দ্রুত আমদানির পাশাপাশি রপ্তানিতেও জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

গোবরাকুড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের মহাসচিব অশোক কুমার অপু বলেন, গত বছরের ২০ নভেম্বর থেকে দুই বন্দরে আবার কয়লা আমদানি শুরু হয়। চলতি বছরের ১৫ জুন পর্যন্ত প্রায় চার হাজার ট্রাকে ৫২ হাজার টন কয়লা আসে। এরপর আবার আমদানি বন্ধ হয়ে যায়।

তিনি জানান, এর আগে চলতি বছরের ১০ জানুয়ারির পর ভারতীয় কয়লা আমদানি পুরোপুরি বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর ২৮ ফেব্রুয়ারি কড়ইতলী দিয়ে ৬১টি এবং গোবরাকুড়া দিয়ে ১৪৩টি ট্রাকে কয়লা আসে। এসব ট্রাকে মোট ২ হাজার ৪২৮ মেট্রিক টন কয়লা ছিল। এতে কয়েক মাস ধরে স্থবির হয়ে থাকা বন্দরে আবার কিছুটা কর্মচাঞ্চল্য ফিরে আসে। এরপর মাঝেমধ্যে কয়লা এসেছে। এভাবে ১৫ জুন পর্যন্ত আমদানি চলে।

অশোক কুমার অপু বলেন, বন্দর চালু রাখার জন্য শুধু আমদানির দিকে তাকিয়ে থাকলে হবে না। আমাদের রপ্তানির বাজারও তৈরি করতে হবে। ফলে সেদিকেই মনোযোগ দিচ্ছি।

কড়ইতলী স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, কয়লা ব্যবসায়ীরা আশানুরূপ লাভ করতে পারেন না। আমদানি করা কয়লার প্রধান ক্রেতা ইটভাটাগুলো। সেখানে চাহিদা কমে গেলে কয়লা অবিক্রীত অবস্থায় পড়ে থাকে। এ কারণে অনেক ব্যবসায়ী আগ্রহ হারাচ্ছেন। আমদানির পাশাপাশি রপ্তানি বাড়ানো গেলে বন্দরের ওপর চাপ কমবে এবং ব্যবসার সুযোগও বাড়বে।

বন্দরের কাস্টমস সুপার মুজাহিদ হোসেন বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ৩৩৬টি গাড়িতে প্রায় ৪০ হাজার ৩২ টন কয়লা আমদানি হয়েছে। সাধারণত বছরে চার থেকে ছয় মাস কয়লা আমদানি হয়। ফলে বছরের বড় একটি সময় দুই বন্দরে তেমন কার্যক্রম থাকে না। কয়লার পাশাপাশি অনুমোদিত অন্য পণ্যের আমদানি-রপ্তানি বাড়ানো গেলে ব্যবসার পরিধি বাড়ার পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে।

গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমানও মনে করেন, ব্যবসায়ীরা আমদানির পাশাপাশি বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করতে পারেন। তার মতে, বন্দরকে সারা বছর সচল রাখতে হলে আমদানি ও রপ্তানি দুই ক্ষেত্রেই কার্যক্রম বাড়াতে হবে।

তবে বন্দরের বর্তমান বাস্তবতা হলো, অবকাঠামো থাকলেও নিয়মিত পণ্য আমদানি-রপ্তানি নেই। ব্যবসায়ী আছেন, কিন্তু সারা বছর বাণিজ্য নেই। আর বাণিজ্য না থাকলে কাজ থাকে না শ্রমিকদেরও।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...