শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটান

এই ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের পয়েন্ট দাঁড়িয়েছে ১ করে। অন্যদিকে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। ফলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে গ্রুপসেরা হওয়ার লড়াই এখনো বাকি। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে শ্রীলঙ্কা ড্র করলেই সেমিফাইনালে উঠবে। অন্যদিকে বাংলাদেশ দুই বা তার বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলঙ্কা। ভুটানের সেমিফাইনালের ভাগ্যও নির্ভর করছে এই ম্যাচের ফলের ওপর।
এদিকে বাংলাদেশের কোচ টমাস ডুলির জন্যও ম্যাচটি ছিল প্রতিপক্ষকে কাছ থেকে দেখার সুযোগ। সকাল ১০টায় দলের অনুশীলন শেষ করে খেলোয়াড়দের নিয়ে জাতীয় স্টেডিয়ামে চলে যান তিনি। শ্রীলঙ্কার খেলার ধরন, শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল তাঁর লক্ষ্য। কারণ, ১১ নভেম্বর এই দলটির বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের প্রস্তুতিও এগোচ্ছে। শেখ মোরছালিন আজ পুরো সময় অনুশীলন করেছেন। তবে তপু বর্মণের চোট এখনো পুরোপুরি সারেনি। দলের সঙ্গে অনুশীলন না করে ফিজিওর তত্ত্বাবধানে আলাদাভাবে রানিং করেছেন এই ডিফেন্ডার।

