‘তিন-চার বছরেই ভারতকে ছাড়িয়ে যেতে পারবে বাংলাদেশ’

প্রশ্ন: দলে হামজা ঠিক কী ধরনের পরিবর্তন আনছেন?
মেসফিল্ড: মাঠে তার খেলা, সতীর্থদের সঙ্গে কথা বলা, দিকনির্দেশনা দেওয়া, বল পাসিং কিংবা খেলা নিয়ন্ত্রণের ধরন দেখলেই প্রভাবটা বোঝা যায়। উঁচু মানের ফুটবলারদের সঙ্গে খেললে অন্যরাও দ্রুত শেখে এবং নিজেরাও উন্নত খেলোয়াড়ে পরিণত হয়। ধরুন, সাধারণ ১০ গজের একটি পাসের কথা—যে কেউ এটি দিতে পারে। কিন্তু বলটি কি ঠিকঠাক জায়গায় দেওয়া হচ্ছে, যাতে সতীর্থ খেলোয়াড় দৌড়ের গতি না থামিয়েই বলটি নিয়ন্ত্রণে নিতে পারে? হামজা বল সব সময় এক গজ সামনে বাড়াবে, যাতে আপনি দৌড়ে এসে বলে পৌঁছান। সে বল পায়ে বা পেছনে ফেলবে না। অনুশীলনে হামজার উপস্থিতিই সতীর্থদের এই মান ও মানদণ্ড শিখিয়ে দেবে। সে এই বাংলাদেশ দলের জন্য অসাধারণ এক নেতা।

প্রশ্ন: হামজার মতো বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার এখন জাতীয় দলে খেলছেন। দীর্ঘ মেয়াদে কি এভাবে বাইরে থেকে প্রতিভার ওপর নির্ভর করা উচিত?
মেসফিল্ড: এটি মিলিয়ন ডলার প্রশ্ন। ইন্দোনেশিয়াসহ অনেক দেশই কিন্তু এখন এটি করছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও ইন্দোনেশিয়া দলের বিদেশি বংশোদ্ভূত প্রতিভাদের দেখা গেছে। তবে সেটা তাদের ফেডারেশনের পূর্বপরিকল্পনা ও শিকড় চিহ্নিত করার ফল। আমি বিশ্বাস করি, যত দিন সম্ভব সর্বোচ্চ মানে খেলা উচিত। নিজে যদি ইংলিশ হই আর আমার দাদা-দাদি যদি বাংলাদেশি হতেন এবং আমার সুযোগ থাকত—তবে দেশ অনুমতি দিলে আমি নিশ্চিতভাবেই বাংলাদেশের হয়ে খেলতাম। এতে কোনো ভুল নেই। কারণ, এটি শিকড়ের বিষয়। বাংলাদেশের ঘরোয়া লিগ ভালো, তবে তা তো আর পর্তুগাল, স্পেন, জার্মানি বা ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগেরও সমমানের নয়। ইউরোপীয় ফুটবলের মান ও পেশাদারত্ব অনেক এগিয়ে। সেখান থেকে খেলোয়াড়েরা এসে এশিয়ান ফুটবলের মান বাড়াতে ভূমিকা রাখছে।
প্রশ্ন:এতে কি স্থানীয় খেলোয়াড়দের মধ্যে জায়গা হারানোর ভয় পেয়ে বসছে?
মেসফিল্ড: কেউ যদি আপনার পেশাগত জায়গা নিতে চায়, তখন কী করবেন? আশা ছেড়ে দেবেন? না, আপনি আরও বেশি চেষ্টা করবেন। ফলে স্থানীয় খেলোয়াড়দের বাধ্য হয়েই পারফরম্যান্সের মান বাড়াতে হবে, নয়তো তারা জায়গা হারাবে। ফেডারেশনের উচিত খেলোয়াড়দের বুঝিয়ে বলা যে আমরা যোগ্য খেলোয়াড়দের নিয়ে আসার চেষ্টা করছি, তোমরা কি লড়াইয়ে থাকবে? সবাই নিশ্চয়ই ‘হ্যাঁ’ বলবে। কিন্তু তারা আসার পর যখন একাদশে জায়গা হারায়, তখন স্থানীয়রা অনুযোগ করতে শুরু করে। দিনশেষে মেনে নিতে হবে যে ওই খেলোয়াড় আপনার চেয়ে ভালো। আপনারা আসলে কী চান—বাংলাদেশ সাফ জিতুক, এশিয়ান কাপ জিতুক, বিশ্বকাপে যাক? গড়পড়তা স্থানীয়দের দিয়ে তো সেই সাফল্য আসবে না। বাইরের খেলোয়াড়েরা এলে স্থানীয়দের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে এবং এটি শতভাগ নিশ্চিতভাবেই বাংলাদেশের ফুটবলের মান বাড়াবে।
প্রশ্ন: ফুটবলে বাংলাদেশ-ভারত দ্বৈরথ কীভাবে দেখেন?
মেসফিল্ড: সেমিফাইনাল বা ফাইনালে দেখা হলে বিষয়টি স্পষ্ট বোঝা যাবে। ভারত তো সব সময়ই এই অঞ্চলের পরাশক্তি; তারা আট-নয়বার সাফ জিতেছে, যেখানে বাংলাদেশ ২০০৩ সালে মাত্র একবার ট্রফি পেয়েছিল। ফুটবলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকা জরুরি। আমি বিশ্বাস করি, ফিফা যেভাবে টুর্নামেন্ট সম্প্রসারণের কথা ভাবছে, ভবিষ্যতে হয়তো এ ধরনের আঞ্চলিক টুর্নামেন্ট থেকেই দলগুলোর বিশ্বকাপে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। বড় দলগুলোর সঙ্গে ব্যবধান কমাতে এবং একপর্যায়ে তাদের ছাড়িয়ে যেতে হলে আপনাকে প্রতিনিয়ত উন্নতি ঘটাতে হবে। তরুণ প্রতিভা তুলে আনতে হবে এবং দর্শকদের গ্যালারিতে টানতে হবে। আর এগুলো ঠিকমতো করতে পারলে, আগামী তিন-চার বছরের মধ্যে বাংলাদেশ ভারতের চেয়ে ভালো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

