বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেত্রকোনায় ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুনশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’
বিজ্ঞাপন

আলোকস্বল্পতায় ড্র সিলেট টেস্ট, সিরিজ হার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
আলোকস্বল্পতায় ড্র সিলেট টেস্ট, সিরিজ হার বাংলাদেশের

তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের প্রতিরোধে ম্যাচ বাঁচানোর পথে এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু শেষ সেশনে দুজনকেই ফিরিয়ে জয়ের আশা জাগায় ওয়েস্ট ইন্ডিজ। ঠিক তখনই স্বাগতিকদের রক্ষাকবচ হয়ে আসে আলোকস্বল্পতা। নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত আর মাঠে নামা হয়নি দুই দলের। ফলে ড্র হয়েছে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। হোয়াইটওয়াশ এড়ালেও ঘরের মাঠে ১-০ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে।

সোমবার (৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে বাংলাদেশ। হৃদয়ের ৮২ ও মুশফিকের ৪৯ রানের ইনিংসে ম্যাচ বাঁচানোর ভিত গড়ে স্বাগতিকরা। তবে শেষ দিকে দুজনের বিদায়ে আবারও চাপে পড়ে নাজমুল হোসেন শান্তর দল।

বিকেল ৩টা ৪৩ মিনিটে আলো কমে যাওয়ায় খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হলেও আর মাঠে নামার সুযোগ হয়নি। বিকেল ৩টা ৫৬ মিনিটে ম্যাচ শেষের সিদ্ধান্ত আসে। তখন লিটন দাস ৭ ও মেহেদী হাসান মিরাজ ১ রানে অপরাজিত ছিলেন। খেলা বাকি ছিল আরও ১৯ ওভার।

এর আগে পঞ্চম দিনের শুরুতে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ১৪০ রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করে নাঈম হাসানের বলে আউট হন কাভেম হজ। ১৯৪ বলে ১৭ চার ও এক ছক্কায় ১৪২ রান করেন তিনি।

এরপর জাস্টিন গ্রিভস ও শামার জোসেফ দ্রুত ফিরে গেলেও শেষ দিকে ঝড় তোলেন জশুয়া বিশপ। মাত্র ১১ বলে ২০ রান করেন তিনি। আমির জাঙ্গু অপরাজিত থাকেন ৩৯ রানে। শেষ পর্যন্ত ৯৩ ওভারে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। বাংলাদেশের সামনে দাঁড়ায় ৩৬৯ রানের লক্ষ্য।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। চোটের কারণে সাদমান ইসলাম ব্যাটিংয়ে নামতে না পারায় তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন অধিনায়ক শান্ত। তবে দুজনকেই দ্রুত ফিরিয়ে দেন জোমেল ওয়ারিক্যান।

অষ্টম ওভারে স্লগ সুইপ করতে গিয়ে ২১ রানে ক্যাচ দেন তানজিদ। এরপর রিভিউ নিয়ে শান্তকে এলবিডব্লিউ করেন ওয়ারিক্যান। ১৪ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ৪০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

সেখান থেকে প্রতিরোধ গড়েন হৃদয় ও মুশফিক। ক্যারিবীয় বোলারদের বিপক্ষে ধৈর্য ধরে ব্যাটিং করতে থাকেন দুজন। মধ্যাহ্ন বিরতিতে ২ উইকেটে ৪৯ রান করা বাংলাদেশ দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি। চা বিরতিতে সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৬২ রান। হৃদয় ৮২ ও মুশফিক ৪০ রানে অপরাজিত ছিলেন।

তবে শেষ সেশনে বাংলাদেশের স্বস্তি কেড়ে নেন ওয়ারিক্যান। ৫২তম ওভারে হৃদয়কে বোল্ড করে ভাঙেন ১৩৫ রানের তৃতীয় উইকেট জুটি। ১৪০ বলে ৮ চারে ৮২ রান করে ফেরেন হৃদয়। একই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন ক্যারিবীয় স্পিনার।

এরপর মুশফিকও বেশিক্ষণ টিকতে পারেননি। ফিফটি থেকে মাত্র এক রান দূরে শামার জোসেফের বলে বোল্ড হন তিনি। ১২৩ বলে ৬ চারে ৪৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। ১৮৩ রানে চতুর্থ উইকেট হারিয়ে আবারও শঙ্কায় পড়ে বাংলাদেশ।

তবে পরের ১৪ বল সামলে দেন লিটন ও মিরাজ। এর মধ্যেই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত সেটিই বাংলাদেশকে পরাজয়ের হাত থেকে রক্ষা করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ারিক্যান তিনটি ও শামার জোসেফ একটি উইকেট নেন।

ম্যাচজুড়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হৃদয়ের ব্যাটিং। প্রথম ইনিংসে ৩৫৯ বলে ২২ চার ও ১১ ছক্কায় অপরাজিত ২৪২ রান করেছিলেন তিনি। তাঁর সেই ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৪ রানে বিপদে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ৩৮৬ রান তুলে ৩০ রানের লিড পেয়েছিল। তাইজুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে গড়েছিলেন ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।

দুই ইনিংস মিলিয়ে হৃদয়ের সংগ্রহ ৩২৪ রান, যা এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ। অন্যদিকে এই ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে আমির জাঙ্গুর ১৩৩ রানের বিপরীতে বাংলাদেশের হয়ে ৯০ রানে ৬ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে হজের ১৪২ ও কেভিন উইকহ্যামের ৭৮ রানে ম্যাচের নিয়ন্ত্রণ ফের নিজেদের হাতে নেয় ক্যারিবীয়রা।

শেষ পর্যন্ত ব্যক্তিগত রেকর্ডের ম্যাচটি দলীয় সাফল্যে রূপ দিতে পারেনি বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর সিলেটে ড্র করে হোয়াইটওয়াশ এড়িয়েছে স্বাগতিকরা। অন্যদিকে প্রথম ম্যাচের জয় ধরে রেখে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...