স্বপ্ন পূরণ হলো এই পর্তুগিজ ফুটবলারের

মোনাকোর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন দলবদলে তাদের দলে যোগ দেওয়া নাজিনহো দ্রুতই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। সার্কেল ব্রুগ থেকে মোনাকোয় আসার পর ফ্রান্সে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। দলের বাঁ প্রান্তে নিজেকে নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নাজিনহো।
পর্তুগালের নেশনস লিগের লিগ ‘এ’-এর গ্রুপ-৪-এ শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলে ডাক পেয়েছেন নাজিনিহো। বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে পর্তুগাল।
চলতি বছরের শুরুতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে জাতীয় দলে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন নাজিনহো। তিনি বলেছিলেন, ‘এটা নিঃসন্দেহে একটি স্বপ্ন! তবে আমি এমন মানুষ নই, যে কোনো কিছু তাড়াহুড়ো করে করতে পছন্দ করে। আমি ধাপে ধাপে এগোতে চাই। মোনাকোয় যোগ দেওয়াটাই আমার জন্য বড় একটি পদক্ষেপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে খেলার যে সুযোগ পেয়েছি, সেটি কাজে লাগানো এবং নিজের সামর্থ্য প্রমাণ করা। আর কে জানে, হয়তো ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপেও অংশ নিতে পারব।’

