বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

অভিষেকেই দুই ফিফটি, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরু পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
অভিষেকেই দুই ফিফটি, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরু পাকিস্তানের

দলে চার নতুন মুখ, তাদের দুজনই অভিষেকে তুলে নিলেন ফিফটি। সঙ্গে অধিনায়ক বাবর আজম ও সৌদ শাকিলের অর্ধশতক। চার ব্যাটারের কেউই সেঞ্চুরি পাননি, তবে শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনটা ভালোই কাটিয়েছে পাকিস্তান। আলোকস্বল্পতায় আগেভাগে খেলা বন্ধ হওয়ার আগে ৫ উইকেটে ২৮১ রান তুলেছে স্বাগতিকরা।

সোমবার (৯ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। সবুজাভ উইকেট থেকে সুবিধা পাওয়ার আশায় চার পেসার নিয়ে মাঠে নামে লঙ্কানরা। তবে শুরুতেই তাদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান দুই ওপেনার আজান আওয়াইস ও অভিষিক্ত মোহাম্মদ তাইয়াব আরিফ।

দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৮৬ রান। মাত্র ৪৬ বলে ফিফটি পূর্ণ করেন তাইয়াব। তবে ১৬তম ওভারে মিলান রত্নায়েকের বলে ৩০ রান করা আজান ফিরলে ভাঙে জুটি। পরের ওভারেই আসিথা ফার্নান্দোর শিকার হন তাইয়াব। ৫১ বলে ৯ চার ও এক ছক্কায় ৫৭ রান করেন এই অভিষিক্ত ওপেনার।

দ্রুত দুই উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংস সামলান বাবর আজম ও আরেক অভিষিক্ত মোহাম্মদ তাহা। তৃতীয় উইকেটে ৬৯ রান যোগ করেন তারা। ৫৪ বলে নিজের ৩৫তম টেস্ট ফিফটি পূর্ণ করেন বাবর। তবে এরপর আর রান যোগ করতে পারেননি পাকিস্তান অধিনায়ক। দিলশান মাদুশঙ্কার বলে ৫৮ বলে ৫০ রান করে ফেরেন তিনি।

এরপর তাহার সঙ্গে জুটি গড়েন সৌদ শাকিল। দুজনে চতুর্থ উইকেটে যোগ করেন ৬৮ রান। অভিষেক টেস্টেই ১০১ বলে ফিফটি পূর্ণ করেন তাহা। শেষ পর্যন্ত ১০৫ বলে ৬ চারে ৫১ রান করে সোনাল দিনুশার শিকার হন তিনি।

তাহার বিদায়ের পর শাকিলের সঙ্গে জুটি গড়েন সালমান আলী আগা। তবে ১৬ রান করে আসিথার দ্বিতীয় শিকারে পরিণত হন সালমান। অন্য প্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে নিজের দ্বাদশ টেস্ট ফিফটি পূর্ণ করেন শাকিল।

আলোকস্বল্পতায় ৬৭ ওভার ২ বলের পর দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। ১১২ বলে ৭ চারে ৫৭ রান নিয়ে অপরাজিত থাকেন শাকিল। তার সঙ্গে ৭ রানে অপরাজিত আছেন উইকেটরক্ষক গাজি ঘোরি।

শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ৬৪ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্কা ও সোনাল দিনুশা।

এদিন পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে চার ক্রিকেটারের। তাইয়াব ও তাহার পাশাপাশি প্রথমবার টেস্ট ক্যাপ পেয়েছেন আরাফাত মিনহাস এবং সাকিব খান।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...