আমার অর্থের প্রয়োজন নেই, স্যান্ডপেপার বিতর্কে খাজার জবাব

তবে খাজার বক্তব্য, ডেভিড ওয়ার্নারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্যই তিনি বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে মুখ খুলেছেন। ওই ঘটনায় শুরুতে ওয়ার্নারকে মূল পরিকল্পনাকারী হিসেবে তুলে ধরা হয়েছিল। খাজার দাবি, ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটও পরিস্থিতির শিকার হয়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে অবশ্য বলা হয়েছিল, পরিকল্পনাটি সম্পর্কে শুধু এই তিনজনই জানতেন।
মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে খাজা জানান, স্মৃতিকথায় বল টেম্পারিংয়ের ঘটনা অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের সঙ্গে তাঁর কোনো আলোচনা বা সমঝোতা হয়নি।
খাজা বলেন, ‘স্যান্ডপেপার কিংবা আমার জীবনের অন্য কোনো বিষয় নিয়ে পেঙ্গুইনের সঙ্গে আমি কোনো দর-কষাকষি করিনি। এমনকি এ নিয়ে আমাদের কোনো কথাও হয়নি।’
তিনি আরও বলেন, ‘২০২৩ সালে তাদের সঙ্গে চুক্তি করার সময় তারা শুধু বলেছিল, নিজের গল্প বলো। বইয়ে কী থাকবে আর কী থাকবে না, সে বিষয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আমার হাতে। সব সিদ্ধান্তই আমার ছিল।’
দুই বছরের বেশি সময় পর বইয়ের চূড়ান্ত পাণ্ডুলিপি প্রকাশকের হাতে তুলে দেন খাজা। সেটিই ছিল পেঙ্গুইনের কাছে তাঁর বইয়ের প্রথম খসড়া। বিষয়টি দেখে প্রকাশক ও তাঁর ব্যবস্থাপনা দল বিস্মিত হয়েছিল বলেও জানান তিনি।
বইয়ের বিক্রি থেকে বড় অঙ্কের অর্থ আয়ের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন খাজা। তাঁর দাবি, বল টেম্পারিংয়ের ঘটনা উল্লেখ না করলেও বই থেকে প্রায় একই পরিমাণ অর্থ পেতেন তিনি।
এ প্রসঙ্গে খাজা বলেন, ‘রয়্যালটি বা বই বিক্রির আয় পাওয়ার আগে আমাকে নির্দিষ্টসংখ্যক বই বিক্রি করতে হবে। আমার মনে হয় না, আমি কখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারব। আর পৌঁছালেও সেখান থেকে পাওয়া অর্থ হবে সামান্য।’
সমালোচকদের উদ্দেশে খাজা আরও বলেন, ‘যথাযথ সম্মান রেখেই বলছি, আমি দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। আমি যথেষ্ট সৌভাগ্যবান। আমার অর্থের প্রয়োজন নেই। এর পেছনে কখনোই বাণিজ্যিক স্বার্থ ছিল না। আপনারা যা খুশি ভাবতে পারেন, তবে বাস্তবতা এটাই।’

