কোন কৌশলে উপমহাদেশ জয় করল ওয়েস্ট ইন্ডিজ

২০২২ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ৮ নভেম্বর পর্যন্ত উপমহাদেশে ৬ টেস্ট খেলে চারটিতেই হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। জয় বাকি দুটিতে। এ সময় মাত্র ৮ উইকেট নিতে পেরেছিল ক্যারিবীয় স্পিনাররা। সেখানে গত দুই বছরে অভাবনীয় উন্নতি করেছে তারা। এ সময়ে তিন সংস্করণে মোট ২৭ ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা শিকার করেছেন ১২৭ উইকেট। তাদের পেসাররা নিয়েছেন ৮৬ উইকেট। ব্যাটারদের উন্নতিও চোখে পড়ার মতো। সেরা ৫ রান সংগ্রাহকের সবাই চার শর ওপরে রান করেছেন। ২৩ ইনিংসে পাঁচটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ১০৯৫ রান করে সবার ওপরে আছেন শাই হোপ। সেরা পাঁচের বাকিরা হলেন আমির জাঙ্গু (৪৭৫), শেরফানে রাদারফোর্ড (৪৪৭), জন ক্যাম্পবেল (৪২৩) ও জাস্টিন গ্রিভস (৪০৮)।
উপমহাদেশে ওয়েস্ট ইন্ডিজের বদলে যাওয়ার অন্যতম রূপকার জোমেল ওয়ারিক্যান। গত দুই বছরে ৬ টেস্টের ১১ ইনিংসে এই বাঁহাতি স্পিনারের ঝুলিতে উঠেছে ৪০ উইকেট। এত কম ইনিংস বল করে ৪০ উইকেট নিতে পারেননি আর কোনো স্পিনার। ৫৫ উইকেট নিয়ে সবার ওপরে থাকা ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ৩১ ইনিংস বল করেছেন।

