বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

হার্দিককে ছেড়ে আর্শদীপকে নিল মুম্বাই, আইপিএলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম
হার্দিককে ছেড়ে আর্শদীপকে নিল মুম্বাই, আইপিএলে বড় চমক

আইপিএলের নতুন মৌসুমের আগে বড় চমক দেখাল মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে ক্রিকেটার অদলবদলের চুক্তিতে মুম্বাই ছেড়ে পাঞ্জাবে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে, দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিন্ন করে পাঞ্জাব থেকে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। এর মধ্য দিয়ে শেষ হলো মুম্বাইয়ে হার্দিকের দ্বিতীয় অধ্যায়। একই সঙ্গে নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রয়োজন পড়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের।

বুধবার (১১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দুই ক্রিকেটারের দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, ১৮ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন হার্দিক। অন্যদিকে, আগের ১৮ কোটি রুপি পারিশ্রমিকেই মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবেন আর্শদীপ। ২০২৭ সালের আইপিএলের আগে এটিই এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত দলবদল।

২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। এরপর ২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দিয়ে প্রথম মৌসুমেই দলটিকে শিরোপা জেতান তিনি। পরের মৌসুমেও তার নেতৃত্বে ফাইনালে খেলেছিল গুজরাট।

২০২৪ সালে মুম্বাইয়ে ফিরে রোহিত শর্মার জায়গায় অধিনায়ক হন হার্দিক। তবে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। প্রথম মৌসুমেই পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করে মুম্বাই। ২০২৫ সালে প্লে-অফে উঠলেও চলতি বছরের আসরে নবম হয়েছে দলটি।

হার্দিকের নেতৃত্বে গত তিন মৌসুমে ৩৯ ম্যাচের মধ্যে মাত্র ১৫টিতে জিতেছে মুম্বাই। হেরেছে বাকি ২৪ ম্যাচে। তার জয়-পরাজয়ের অনুপাত ০.৬২৫, যা অন্তত ৩০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন।

হার্দিকের বিদায়ে এবার নতুন অধিনায়ক বেছে নিতে হবে মুম্বাইকে। সম্ভাব্য অধিনায়ক হিসেবে সাবেক সফল অধিনায়ক রোহিত শর্মার নাম আলোচনায় থাকলেও ফ্র্যাঞ্চাইজিটি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

অন্যদিকে, ২০১৯ সালে পাঞ্জাবের হয়ে আইপিএলে অভিষেকের পর থেকে দলটির নিয়মিত সদস্য ছিলেন আর্শদীপ। আট মৌসুমে ৯৬ ম্যাচ খেলে ১১১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। পাঞ্জাবের ইতিহাসে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...