হামজার আগমনেও ভরেনি গ্যালারি

গ্যালারি ফাঁকা থাকার পেছনে প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে টিকিটের আকাশচুম্বী মূল্যকে। আয়োজকদের ঘোষিত মূল্যতালিকা অনুযায়ী, টিকিটের সর্বনিম্ন মূল্যই রাখা হয়েছে ১ হাজার টাকা। পাঁচটি ক্যাটাগরির মধ্যে সাধারণ গ্যালারি ১ হাজার, ক্লাব হাউস ৪ হাজার, ভিআইপি গ্যালারি ৭ হাজার, এসি বক্স ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ হাজার টাকা। ডে পাসের আওতায় এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকলেও সাধারণ গ্যালারির টিকিটের এই অস্বাভাবিক চড়া দাম সাধারণ ফুটবলপ্রেমী ও শিক্ষার্থীদের নাগালের বাইরে চলে গেছে।

স্টেডিয়াম প্রাঙ্গণে উপস্থিত একাধিক সমর্থক ক্ষোভ প্রকাশ করে জানান, হামজা চৌধুরী ও দলের খেলা সরাসরি মাঠে বসে দেখার তীব্র আগ্রহ সবারই ছিল। কিন্তু সাধারণ গ্যালারির টিকিটের দাম যেখানে আগে ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে থাকত, সেখানে এক লাফে ১ হাজার টাকা করায় মাঠে আসার উৎসাহ হারিয়েছেন সাধারণ দর্শক। আয়োজকদের এমন অতিরিক্ত বাণিজ্যিক মানসিকতার কারণেই আজ হামজার মতো তারকার উপস্থিতিতেও দর্শকহীন নিস্তরঙ্গ পরিবেশে খেলতে হচ্ছে দলকে।

