প্রোটিয়াদের বড় চিন্তা বাংলাদেশর পেসাররা

হারমার বলেন, ‘বাংলাদেশ আগের তুলনায় অনেক বেশি উন্নতি করেছে। তাদের দলে এমন কিছু বোলার রয়েছে, যারা প্রচণ্ড গতিতে বল করতে পারে। ভালো মানের স্পিনার আছে, মানসম্পন্ন ব্যাটারও রয়েছে। তাই সিরিজটি আমাদের জন্য বেশ কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। বাংলাদেশকে আমরা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না।’
বাংলাদেশের উন্নতির বিষয়টি স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। তাঁর মতে, সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তবে সাম্প্রতিক সময়ে পেস বোলিং ও ব্যাটিংয়ে ভারসাম্য বাড়ার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের উঠে আসাও দলটিকে আরও শক্তিশালী করেছে। মহারাজ বলেন, ‘বাংলাদেশ বেশ ভালো করছে। সাদা বলের ক্রিকেটে তারা বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। অস্ট্রেলিয়া সফরে সিরিজ ড্র করে ফিরে নিজেদের সামর্থ্যের আরও একবার প্রমাণ দিয়েছে তারা। তাদের দলে বেশ কয়েকজন ভালো মানের পেসার রয়েছে। উঠে আসছে প্রতিভাবান তরুণ ক্রিকেটাররাও। ব্যাটিংয়েও তারা দারুণ ভারসাম্য খুঁজে পেয়েছে। পাশাপাশি বিশ্বমানের স্পিনার তো রয়েছেই। তাই বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
বাংলাদেশের সাম্প্রতিক উন্নতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এইডেন মার্করাম। তিনি বলেন, স্পিনের বিপক্ষে বাংলাদেশের সামর্থ্য আগে থেকেই ভালো। তবে এখন পেস ও বাউন্সের বিপক্ষেও নিজেদের আরও ভালোভাবে মানিয়ে নিতে পারছে টাইগারদের ব্যাটাররা। একই সঙ্গে পেস-সহায়ক কন্ডিশনে ভালো করার মতো বোলারও রয়েছে দলটিতে।
অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্সকেও বাংলাদেশের উন্নতির বড় প্রমাণ হিসেবে দেখছেন মার্করাম। তাঁর বিশ্বাস, দক্ষিণ আফ্রিকাতেও একই লক্ষ্য ও মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তাই সিরিজের আগে নিজেদের শতভাগের বেশি প্রস্তুত রাখার তাগিদ দিয়েছেন তিনি। মার্করামের মতে, বাংলাদেশের বিপক্ষে কঠিন এক সিরিজই অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকার জন্য।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নে। সিরিজটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্টের পর দুই দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

