প্রথমবারের মতো অভিনয়ে রোনালদো, সিরিজের নাম কী

রোনালদো এবার প্রথমবারের মতো টেলিভিশন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘ডে ওয়ানস’ নামে পরিচিত এই ফুটবলভিত্তিক ড্রামা সিরিজে তিনি কাজ করছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে। সিরিজটিতে স্বয়ং পর্তুগিজ তারকা অভিনয় করবেন। মাঠের বাইরে নিজের ব্যবসায়িক পরিধি বাড়িয়ে চলেছেন।
নতুন প্রকল্পের জন্য রোনালদো খ্যাতনামা ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ভনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছেন ইউআর মার্ভ স্টুডিওস। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই তৈরি হচ্ছে সিরিজটি।
ডে ওয়ানস সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রোনালদো অভিনয় করবেন নিজের চরিত্রেই। আধুনিক ফুটবল ব্যবসার বিপুল অর্থ ও নানা চ্যালেঞ্জের জগৎ উঠে আসবে এই সিরিজে। গল্প তৈরি হবে স্ট্যানলি ডাল্টন নামের এক কাল্পনিক চরিত্রকে নিয়ে। ডাল্টন একজন ব্রিটিশ ফুটবল এজেন্ট। তাঁকে খেলোয়াড়দের দলবদলের উত্তেজনাপূর্ণ ও জটিল পরিস্থিতি সামাল দিতে হয়।

