আর্জেন্টিনার সেই মাঠেই আবার ফিরছেন মেসি

রিভার প্লেট-ইন্টার মায়ামি প্রীতি ম্যাচটি আর্জেন্টিনায় মেসির প্রথম ক্লাব পর্যায়ের ম্যাচ। যদিও তিনি লা বোম্বোনেরায় হুয়ান রিকোয়েলমের বিদায়ী ম্যাচ এবং কোলসো মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে মাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে অংশ নিয়েছিলেন। কিন্তু বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মায়ামি—কোনো ক্লাবের হয়েই এর আগে আর্জেন্টিনার মাঠে খেলেননি।
ইন্টার মায়ামি ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করবে রিভার প্লেট। তবে তখন দলের কোচ কে থাকবেন, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। লিওনার্দো পনসিওর অন্তর্বর্তীকালীন দায়িত্ব এ বছরের ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। এরপর আসন্ন অ্যাপেরচুরা টুর্নামেন্টে নিজেদের নতুন যাত্রা শুরুর অপেক্ষায় থাকবে রিভার প্লেট। তবে মনুমেন্তালে ১৯ জানুয়ারি দর্শকদের উচ্ছ্বাস কতটা থাকবে, তা অনেকটাই নির্ভর করবে চলমান ক্লাউসুরা টুর্নামেন্টে রিভার প্লেটের পারফরম্যান্সের ওপর। ২২ নভেম্বর টুর্নামেন্টের শেষ ষোলোতে মুখোমুখি হবে লানুস-রিভার প্লেট।

