স্যান্ডপেপার কাণ্ডে এবার অস্ট্রেলিয়া বোর্ডকে কাঠগড়ায় তুললেন ওয়ার্নার

ওয়ার্নার লিখেছেন, ‘আমার যতদূর জানা, ২০১৮ সালের তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক কিংবা নাথান লায়নকে জিজ্ঞাসাবাদ করেনি। যদি সেটাই সত্যি হয়, তাহলে বোলাররা কিছুই জানতেন না, সিএ এমন দাবি কীভাবে করতে পারে?’
তদন্তের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। সাবেক এই ওপেনারের অভিযোগ, শুরু থেকেই নির্দিষ্ট কয়েকজনকে দায়ী করার সিদ্ধান্ত নিয়ে তদন্ত চালিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
ওয়ার্নার বলেন, ‘মনে হচ্ছে, শুরু থেকেই তারা ঠিক করে রেখেছিল কাদের দায়ী করা হবে। সেই উদ্দেশ্য পূরণে একটি ত্রুটিপূর্ণ তদন্ত চালানো হয়েছে। এখনো তারা এই ভুল বয়ান ধরে রাখতে চায় যে বোলাররা কিছুই জানতেন না। পুরো বিষয়টিই ধামাচাপা দেওয়ার মতো মনে হচ্ছে।’
এর আগে শুক্রবার দীর্ঘ সংবাদ সম্মেলনে খাজার অভিযোগ প্রত্যাখ্যান করেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে দলের অন্য খেলোয়াড়েরা জানতেন, খাজার এমন দাবিকে তিনি সম্পূর্ণ অর্থহীন এবং শতভাগ ভুল বলে দাবি করেন।
দলের নেতৃত্ব নির্বাচনে বর্ণবাদের প্রভাব ছিল, খাজার এমন অভিযোগও নাকচ করেন কামিন্স। তাঁর মতে, এ ধরনের গুরুতর অভিযোগের পক্ষে প্রমাণ থাকা প্রয়োজন। খাজার সমালোচনা করে তিনি বলেন, ‘সাবেক এই ওপেনার মানুষের জীবন ও সুনামের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুবই হালকাভাবে কথা বলছেন।’
তবে শুক্রবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডেতে ধারাভাষ্য দেওয়ার সময় খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নেন ওয়ার্নার। তিনি খাজার দাবিক ‘শতভাগ সঠিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে কামিন্সের বিরুদ্ধে সাবেক সতীর্থকে বিপদে ঠেলে দেওয়ার অভিযোগ তোলেন।

