স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ হলেন সেই গোলরক্ষক

শাস্তির ব্যাখ্যায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানায়, রেফারির প্রতিবেদনে ওনোওর অপরাধের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বল খেলার মধ্যে থাকা অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের বুকে পা দিয়ে আঘাত করেছিলেন তিনি।
কমিটির বিবৃতিতে বলা হয়, ‘হেসুস দে মিগেল আলামেদার মৃত্যুর মধ্য দিয়ে ঘটনার যে মর্মান্তিক পরিণতি হয়েছে, তা সবারই জানা। খেলোয়াড়ের আচরণের ধরন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা যথার্থ।’
এদিকে, মিগেলের মৃত্যুর ঘটনায় বিচারিক তত্ত্বাবধানে তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ।
ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ওনোও। গত সপ্তাহে নিজের ক্লাবের প্রকাশিত বিবৃতিতে ২৫ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, ‘এগুলো আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। কী বলব, তা খুঁজে পাচ্ছি না। যা ঘটেছে, তা মেনে নেওয়া আমার জন্য ভীষণ কঠিন। হেসুসের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। তাঁর কথা ভাবছি, তাঁর পরিবারের কথা ভাবছি এবং যাঁরা তাঁকে ভালোবাসতেন, তাঁদের সবার কথা ভাবছি।’
মিগেলের মৃত্যুর পর চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচের জন্য নিরক্ষীয় গিনির দল থেকেও নিজেকে সরিয়ে নেন ওনোও।
এফসি আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, কবে ফুটবলে ফিরবেন, সেই সিদ্ধান্ত নেবেন ওনোও নিজেই। এ বিষয়ে তাঁকে প্রয়োজনীয় সময় ও ব্যক্তিগত পরিসর দিতে প্রস্তুত ক্লাব।
গত শনিবার তেনেরিফের স্টেডিয়ামে সমবেত হয়ে মিগেলের প্রতি শ্রদ্ধা জানান ক্লাবটির সমর্থক ও খেলোয়াড়েরা। গত বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যে প্রায় ৪০০ মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

