ভিএআরের নাটক পেরিয়ে ফাইনালে ভারত

চেনচোর একটি ডিফ্লেক্টেড শট কোনোমতে ঠেকিয়ে ভারতকে রক্ষা করেন গোলরক্ষক আর্শ আনোয়ার শেখ। এরপর আবারও আলোচনায় ভিএআর। ইরফান ইয়াদওয়াদের ক্রস ভুটানের নিমা ওয়াংদির হাতে লাগলে ভারতের পক্ষে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভিএআরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। পেনাল্টি বাতিল হওয়ায় স্বস্তি ফেরে ভুটান শিবিরে, আর ভারতের সামনে তৈরি হয় নতুন উদ্বেগ।
শেষ দিকে ভুটানের চাপ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে ভারতকে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছিল দলটি। যোগ করা সময়ে দুই গোল হজমের সেই স্মৃতি শেষ দিকে আবারও মনে করিয়ে দিচ্ছিল ভুটান। তবে আর কোনো গোল হজম করতে হয়নি ভারতকে।
২০০৮ সালের পর সাফে প্রথমবার সেমিফাইনালে উঠেছিল ভুটান। ১৮ বছর আগে এই ভারতের কাছেই ২-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারও একই ব্যবধানে হার। আর এই জয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠল ভারত। ১৭ নভেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় সেমিফাইনাল পর্যন্ত। রাত সাড়ে ৮টায় যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

