বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

দুই দলের শটই পোস্টে, বাংলাদেশ-পাকিস্তানের প্রথমার্ধ গোলশূন্য

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
দুই দলের শটই পোস্টে, বাংলাদেশ-পাকিস্তানের প্রথমার্ধ গোলশূন্য

গোলের খুব কাছে পৌঁছেও হতাশ হতে হলো বাংলাদেশকে। রাকিব হোসেনের জোরালো শট পাকিস্তানের গোলরক্ষকের হাত ছুঁয়ে আঘাত হেনেছে পোস্টে। কিছুক্ষণ পর একই দুর্ভাগ্যের শিকার পাকিস্তানও। আবদুল সামাদ শাহজাদের শটও ফিরে এসেছে পোস্টে লেগে। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। দীর্ঘ ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি হামজা চৌধুরীর দল।

ম্যাচের শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলে পাকিস্তান। প্রথম দুই মিনিটেই দুটি আক্রমণ করে সফরকারীরা। শমিত সোমের ভুল পাস থেকে তৈরি হওয়া একটি আক্রমণে লক্ষ্যে শট নেয় পাকিস্তান। তবে ঝাঁপিয়ে পড়ে বল ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। সপ্তম মিনিটে সৈয়দ শাহ কাজেম কিরমানির শট লক্ষ্যে থাকলেও সেটি ছিল বেশ দুর্বল। সহজেই বলের নিয়ন্ত্রণ নেন পাকিস্তানের গোলরক্ষক।

এরপর মাঝমাঠে বলের দখল নেওয়ার লড়াইয়ে মেতে ওঠে দুই দল। বাংলাদেশ কয়েকবার আক্রমণে উঠলেও প্রতিপক্ষের রক্ষণভাগের সামনে গিয়ে আটকে যায়।

তবে ২৬ মিনিটের দিকে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি তৈরি করে বাংলাদেশ। শমিত সোমের হেড থেকে বল পেয়ে জোরালো শট নেন রাকিব হোসেন। পাকিস্তানের গোলরক্ষক বলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। তার হাত ছুঁয়ে পোস্টে আঘাত হেনে ফিরে আসে বল। নিশ্চিত গোলের সুযোগ হারিয়ে হতাশ হতে হয় স্বাগতিকদের।

কিছুক্ষণ পরই গোলের সুবর্ণ সুযোগ পায় পাকিস্তান। বাংলাদেশের রক্ষণভাগের ফাঁক গলে বল পেয়ে যান আবদুল সামাদ শাহজাদ। সেখান থেকে তার নেওয়া শটও পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের বাকি সময়েও গোলের চেষ্টা চালায় দুই দল। তবে শেষ পর্যন্ত কেউই জালের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান।

এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। চোটে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় খেলছেন রহমত মিয়া। আর মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে সেন্টার ফরোয়ার্ড হিসেবে শুরু করেছেন শুকি ইতোফুসা।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ফলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের বিজয়ী দলই আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...