শ্রাবণের ভুলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে পাকিস্তান

ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে গতকাল একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অ্যাকিলিস টেন্ডনের চোটে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রাইট-ব্যাক পজিশনে ফেরেন রহমত মিয়া, আর আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের বদলে সুযোগ পান শুকি ইতোফুসা। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, রহমত ও রাকিব হোসেনের সঙ্গে একাদশে ছিলেন আটজন প্রবাসী ফুটবলার। গ্রুপ পর্ব শেষে পাঁচ প্রবাসী ফুটবলার দলে যোগ দেওয়ায় শক্তি বেড়েছিল পাকিস্তানেরও।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে সফরকারীরা। দ্বিতীয় মিনিটেই বক্সের বাইরে থেকে আলী উজাইরের জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন মেহেদী হাসান শ্রাবণ। শুরুতে কিছুটা চাপে থাকলেও দ্রুতই মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সপ্তম মিনিটে রাকিব হোসেনের পাস থেকে কাজেম শাহর শট তালুবন্দী করেন পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট। প্রথমার্ধের সবচেয়ে সুবর্ণ সুযোগটি বাংলাদেশ পায় ২৩ মিনিটে। শমিত সোমের হেড থেকে বক্সের ভেতরে বল পেয়ে রাকিব বাঁ পায়ে শট নিলেও নিচু হয়ে তা ফিরিয়ে দেন ইউসুফ বাট। দুই মিনিট পর আলী উজাইরের আরেকটি শট ঠেকিয়ে বাংলাদেশের ত্রাতা হন শ্রাবণ।

