পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারত

গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩–২ গোলে হারিয়েছিল ভারত। তবে ফিফা উইন্ডোর কারণে দেরিতে আসা চার প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় বদলে গেছে পাকিস্তানের চেহারা। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে দারুণ ছন্দে ছিল তারা। প্রতিপক্ষের শারীরিক সক্ষমতার বিপরীতে নিজেদের গতিকেই বড় অস্ত্র মানছেন নওশাদ মুসা, ‘এটা অবশ্যই ভালো দিক, তবে আমার মনে হয় আমার খেলোয়াড়েরা বেশি দ্রুতগতির ও চটপটে, যা আমার জন্য বাড়তি সুবিধা হবে। তাই বিষয়টি নিয়ে তাদেরই চিন্তিত হওয়া উচিত।’
প্রথম ম্যাচের চেয়ে বদলে যাওয়া পাকিস্তানের বিপক্ষে কাল ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামার কথাও জানিয়েছেন ভারতীয় কোচ, ‘অবশ্যই, প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছিলাম, এবারের ধরন ভিন্ন হবে। কারণ, তারা যেভাবে খেলছে এবং এখন তাদের যে খেলোয়াড়েরা আছে, তাতে প্রতিপক্ষকে দেখার ও খেলার ধরনে আমার পরিবর্তন আনা প্রয়োজন। তাই নিশ্চিতভাবেই আমরা ভিন্ন কৌশল নিয়ে নামব।’
ফাইনাল নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না ভারতের অধিনায়ক চিংলেনসানা সিংও। কিংবদন্তি সুনীল ছেত্রীর কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে নেতৃত্ব দিতে চান তিনি। সংবাদ সম্মেলনে সানা সিং বলেন, ‘আমরা এখানে দেশের হয়ে খেলতে এসেছি এবং যেকোনো পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমরা সব সময় নিজেদের সেরাটা দিই এবং কালও ট্রফি জিততে আমাদের সেরাটাই দেব।’

