‘আল্লাহর রহমতে বাংলাদেশ অবস্থাতেই আছে’

৪ উইকেটে ৩৬১ রান থেকে মুহূর্তেই ৭ উইকেটে ৩৭৬ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। যেখানে ভিয়ান মুলডার (০), ইয়ানসেন (৮) ফিরিয়েছেন তাসকিন আহমেদ। আর সায়মন হারমারের (১) উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধের আগে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এখনো সফরকারীরা পিছিয়ে ১৪ রানে। টেম্বা বাভুমা ৪৯ রানে আহত অবসর হয়ে মাঠ ছাড়ায় এখনো তাঁর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
আজ তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন। বৃষ্টিতে খেলা মাত্র এক সেশন হলেও তাঁর আশা, ম্যাচে এখনো টিকে রয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘আসলে বৃষ্টি তো নিয়ন্ত্রণে নাই। তো যে জিনিসটা হয়তো যে আমরা যেই মোমেন্টামটা পেয়েছিলাম, হয়তো ওই সময়টা তাদের তাড়াতাড়ি অলআউট হওয়ার একটা সম্ভাবনা ছিল। লাঞ্চের পর থেকে চা পানের বিরতির সময়টা আসলে ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। উইকেট ভালো থাকে, রোদ পড়ে। এখনো আমরা খেলায় আছি। আল্লাহর রহমতে মনে হয় ভালো অবস্থানেই আছি।’

