ক্রিকেটে ভারত-পাকিস্তান ‘শত্রু’, ফুটবলে বন্ধুত্বের আবহ

ম্যাচ শেষে করমর্দন, চ্যাম্পিয়ন দলকে গার্ড অব অনার দেওয়া—ভারত-পাকিস্তান ম্যাচে এমন ঘটনা খুবই বিরল। বিশেষ করে ক্রিকেটে তো দেখাই যায় না। রাজনৈতিক বৈরিতার ছাপ পড়ে খেলাতেও। কিন্তু গতকাল ভারত-পাকিস্তান সাফ ফুটবলের ফাইনালে দেখা গেল উল্টো চিত্র। বৈরিতা ভুলে স্থাপন করল অনন্য এক নজির।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল ভারত-পাকিস্তান সাফ ফাইনালের পর যা দেখা গেল, তাতেই ক্রিকেট আর ফুটবলের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। ১০০-এর বেশি দল আইসিসির মর্যাদা (সহযোগী দেশ) পেলেও টেস্ট খেলে কেবল ১২টা। পূর্ণ সদস্যের মর্যাদা পেয়েছে শুধু ১২ দল। এই অল্প দলের মধ্যে ভারত আবার সবচেয়ে বড় মোড়ল। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তিন ‘মোড়ল’ নামে পরিচিতি পেলেও আসল হর্তাকর্তা ভারতই। ১৫০ কোটি জনসংখ্যার দেশ ভারত ক্রিকেটে যেমন অনেক বিনিয়োগ করে থাকে, তেমনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) লভ্যাংশও বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় (আইসিসি) তাই ভারতেরই আধিপত্য। আইসিসিকে তাই ব্যঙ্গ করে অনেক 'ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল'ও বলে থাকেন! ২০২৪ থেকে শুরু করে এখনো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের চেয়ারে বসে আছেন ভারতের ক্ষমতাসীন দলের সবচেয়ে প্রভাবশালী অমিত শাহর ছেলে জয় শাহ। কদিন আগে ফের জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

