বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

এশিয়ায় জোড়া পুরস্কার পেল বাফুফে

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
এশিয়ায় জোড়া পুরস্কার পেল বাফুফে

এশীয় ফুটবলে বাংলাদেশের অবস্থান নিয়ে নানা প্রশ্ন থাকলেও সাংগঠনিক কার্যক্রম ও তৃণমূল ফুটবলের উন্নয়নে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্যাংককে অনুষ্ঠিত ‘এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি পুরস্কার জিতেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরি এবং তৃণমূল ফুটবলে ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড’-এর সিলভার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাফুফে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক এই আয়োজনে ফেডারেশনের পক্ষে একটি পুরস্কার গ্রহণ করেন নির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস।

মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার পুরস্কারের চারটি বিভাগে সবার ওপরে রয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। তারা পেয়েছে প্ল্যাটিনাম পুরস্কার। ডায়মন্ড বিভাগে পুরস্কার জিতেছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। গোল্ড বিভাগে স্বীকৃতি পেয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। রুবি বিভাগে পুরস্কারটি উঠেছে বাফুফের হাতে।

তৃণমূল ফুটবলের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ডের সিলভার বিভাগে পুরস্কার পেয়েছে বাংলাদেশ। এই বিভাগে গোল্ড জিতেছে জাপান এবং ব্রোঞ্জ পেয়েছে মিয়ানমার ফুটবল ফেডারেশন।

এবারের এএফসি অ্যাওয়ার্ডসে ব্যক্তিগত বিভাগেও পুরস্কার পেয়েছেন এশিয়ার ফুটবলাররা। বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন উত্তর কোরিয়ার কিম কিয়ং ইয়ং।

এশিয়ার বাইরে ক্লাবে খেলা বর্ষসেরা আন্তর্জাতিক ফুটবলারের পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লি কাং-ইন ও অস্ট্রেলিয়ার কেইটলিন ফোর্ড।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...