খেলতে পারব কি না, এটা নিয়েই সংশয় ছিল

প্রশ্ন: এবারই প্রথমবার নিয়মিত ওপেনিং করলেন…
মীম: আগে কখনো স্থায়ী পজিশনে খেলতে পারিনি। ওপেনিং, ওয়ান ডাউন, টু ডাউন, পাঁচে, ছয়ে খেলেছি। ওপেনিংয়ে খুব একটা নামা হয়নি। আমার ডেব্যু হয়েছিল ২০১৭ সালে। ১৭ থেকে ২২ সাল পর্যন্ত ম্যাচ খেলছিলাম মাত্র তিনটা। তখন লিটন দাস, ধিমান ঘোষ, নাঈম, ইসলাম, তানভীর হায়দারদের মতো নামকরা ক্রিকেটাররা ছিল দলে। এই সিজনে বেশ কিছু বড় ভাই অবসরে গেছেন, অনেকে খেলতে পারেন নাই। অনেক ক্রিকেটার না থাকায় এবার শুরু থেকেই ওপেনিংয়ে সুযোগটা পাইছিলাম। শুরু থেকেই মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।
প্রশ্ন: সবশেষ এনসিএলকে কি ক্যারিয়ারের নতুন শুরু হিসেবে দেখছেন?
মীম: বলা যায়। যেহেতু ভালো করছি, এখন দায়িত্বটা আরও বেশি। সামনের দিকে যেখানে সুযোগ পাব, সেখানে ভালো খেলার। প্রপারভাবে আগে সুযোগ পেলে হয়তো এমনটা হতেও পারতো, নাও হতে পারতো। কিন্তু যেহেতু একটা সিজন ভালো গেছে, চেষ্টা থাকবে পরবর্তীতে যেখানেই সুযোগ পাব, ভালো করার প্রসেস মেনে খেলার।
প্রশ্ন: নিজের মধ্যে এখন কী পার্থক্য দেখছেন?
মীম:পার্থক্য বলতে তেমন কিছু না যে বিশেষ কোনো ট্রেনিং করেছি বা অন্য কোনো কাজ করেছি। মানসিকভাবে ফিট ছিলাম যে, এবার একটা পজিশনে ব্যাটিং করতে পারব বা শুরু থেকে ভালো খেললে পুরো টুর্নামেন্টটাই খেলতে পারব। এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। সতীর্থরা সবাই তরুণ ছিল। এ ছাড়া যদি বলি, খেলা হয়েছে কোকাবুরা বলে। কারণ ডিউক বলে সারাদিন ব্যাটিং করলেও সেট হওয়া যায় না; বিগত তিন বছরে ব্যাটসম্যানরা অনেক স্ট্রাগল করেছে, সর্বোচ্চ রান ৪০০, ৫০০, ৬০০-এর বেশি হতো না। সেদিক থেকে আত্মবিশ্বাস ছিল যে, কোকাবুরা বলে খেলতে পারলে ভালো হবে। এই আত্মবিশ্বাস থেকেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি।
প্রশ্ন: সিনিয়রদের কারণে আগে সুযোগ পেতেন না। আক্ষেপ হতো?
মীম:আক্ষেপ অবশ্যই হযতো। আগে যদি আরেকটু ভালোভাবে সুযোগ পেতাম। অবশ্য টপ লেভেলের ক্রিকেটে সুযোগ একটু কমই পাওয়া যায়। নিজের জায়গায় প্রতিষ্ঠিত কোনো ক্রিকেটার থাকলে সুযোগ আরও কম হয়। তো আক্ষেপ হয় যে, এই সুযোগটাই যদি আরও তিন-চার-পাঁচ বছর আগে পেতাম, হয়তো ভালো কিছু হলেও হতে পারতো।
প্রশ্ন: আগে সুযোগ না পাওয়ায় কখনো কি মনে হয়েছে যে, ক্রিকেট ছেড়ে দিই?
মীম:আমি এখনো ক্রিকেট খেলি ভালো লাগে থেকে। এখান থেকে খুব আয় করতে হবে, আমার এমন ভাবনা ছিল না। মাথায় ছিল যে, যখন ভালো লাগবে না, তখন হয়তো ছেড়ে দিব। খারাপ খেললে স্বাভাবিক ভাবেই খারাপ লাগে। সুযোগ পাচ্ছি না বা খারাপ খেলছি, এটা খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু ওই লেভেলের খারাপ লাগেনি বা ছেড়ে দেওয়ার মতো কিছু মনে হয়নি। ক্রিকেটকে প্যাশন হিসেবেই দেখি।
প্রশ্ন: ভালো করায় প্রত্যাশার চাপ বেড়ে গেল। এটা সামলাতে কতটা আত্মবিশ্বাসী আপনি?
মীম: আসলে ক্রিকেট খেলাটাই হচ্ছে চাপ। যেখানেই খেলেন না কেন, চাপ নিতেই হবে। আগে সেরকমটা ছিল না; এখন হয়তো অনেকে বলবে বা জিজ্ঞেস করবে, পরবর্তী টুর্নামেন্টগুলো যখন খেলব, তখন ফলোআপ করবে যে, কেমন করছি। মোটামুটি চাপ থাকবেই। তবে চেষ্টা করব সবার প্রত্যাশা অনুযায়ী খেলার, নিজের প্রত্যাশা অনুযায়ী খেলার। যেখানেই খেলি যেন পারফর্ম করতে পারি, দলের প্রয়োজনে, নিজের প্রয়োজনে।
প্রশ্ন: ক্যারিয়ার নিয়ে লক্ষ্য কী?
মীম: সব ক্রিকেটারই লক্ষ্য থাকে জাতীয় দলে খেলার। তবে যদি সত্য বলি, আমার ছোটবেলা থেকে এরকম কোনো লক্ষ্য ছিল না। আগামী দুই বছর, তিন বছর পরে কী হবে বা কোথায় যাব, এরকম চিন্তা করতে পছন্দ করি না ছোট থেকেই। বর্তমানটা নিয়েই চিন্তা করতে ভালো লাগে। আসল লক্ষ্য থাকবে যে, পরবর্তীতে যদি কোথাও সুযোগ পাই বা যে টুর্নামেন্টে খেলব, সেখানে ভালো করার চেষ্টা করব। ছোট ছোট ধাপে চিন্তা করতে ভালোবাসি। যেখানেই খেলব, যেন ভালো খেলতে পারি, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারি। তেমন কোনো লক্ষ্য নেই বলতে পারেন।
প্রশ্ন: শুধুমাত্র এনসিএল, প্রথম বিভাগ খেলে পেশাদার ক্রিকেটার হিসেবে টিকে থাকা কতটা চ্যালেঞ্জিং?
মীম: এটা অবশ্যই চ্যালেঞ্জিং। আমি যেহেতু টপ লেভেলে কখনো খেলিনি, বিসিবির অধীনেও কোথাও খেলিনি, প্রিমিয়ার লিগও বেশি খেলিনি। তো ওই যে বলছিলাম, ক্রিকেটটা ভালো লাগে খেলতে; তাই লম্বা সময় ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ খেলেছি। ফার্স্ট ডিভিশনে নিয়মিত পারফর্ম করি, সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় থাকি। ধাপে ধাপে খেলার চেষ্টা করি আর নিজের ফিটনেসটা ঠিক রাখার চেষ্টা করি। যেমন ঢাকা লিগটা প্রতি বছর একবার হয়, এটা খেলতাম; ন্যাশনাল লিগে নিয়মিত খেলতাম না। আসা-যাওয়ার মধ্যে থাকতাম। আমি খুব একটা মানসিক চিন্তায় থাকতাম না। ছোট ছোট লক্ষ্য ছিল সব সময়। সেভাবেই ক্যারিয়ারটা এগিয়ে এনেছি।
প্রশ্ন: টানা উইকেটকিপিং করে আবার ওপেনিং করায় শরীরের উপর একটা ধকল যায়। রিকভারির জন্য ফিটনেস রুটিন কেমন ছিল?
মীম:শরীরের ওপর বড় একটা ধকল যায়। প্রথম তিন ম্যাচে আমাকে কিপিং করতে হয়নি। আকবর আলী ছিল, আমরা দুইজনে শেয়ার করে করতাম, আমি যদিও অল্প করতাম। পরে আকবর নেপাল (নেপাল প্রিমিয়ার লিগ) যাওয়ার পর মাঝের তিন ম্যাচ আমাকে কিপিং করতে হয়েছে। কোচের সঙ্গে কথা বলছিলাম; ওপেনিং যেহেতু রান হচ্ছে, কিপিং করে লম্বা সময় আবার ওপেনিংয়ে নামা। ইনিংস শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যেই নামতে হয়। এই বিষয়টা খুবই কঠিন ছিল। কিন্তু কোনোভাবে এটা চালিয়ে নিয়েছি। ওপেনিং পজিশন ছাড়তে চাইনি। কিপিং ভালোই উপভোগ করি। তারপরও মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে, আমাকে ১৫০ ওভার, ২০০ ওভার কিপিং করলেও ওপেনিং খেলতে হবে এবং ভালো খেলতে হবে।
প্রশ্ন: লাল বলে তো দারুণ একটা মৌসুম পার করলেন। সাদা বলের ক্রিকেট নিয়ে পরিকল্পনা কী?
মীম: তেমন কোনো পরিকল্পনা নেই। আমি সুযোগ পেলে খেলব, ভালো করার চেষ্টা করব। আর প্রিমিয়ার লিগটা খেলা হয়নি। এর আগে একবার গাজী থেকে প্রিমিয়ার লিগ খেলেছি। আমাকে ব্যাটিং করানো হয়েছিল সাত-আটে। আমি টপ-অর্ডার ব্যাটার। সেখানে সুযোগ পাইনি। এসব কারণে প্রিমিয়ার লিগে খেলিনি। অনেকেই হয়তো বেশিরভাগ সময় বসে থেকে শেষ দিকে দুই-একটা ম্যাচ খেলে। আমার কাছে বসে না থাকার চেয়ে ম্যাচ খেলাই বেশি প্রাধান্য পেয়েছে। সে জন্যই প্রিমিয়ার লিগের দলে নিয়মিত ছিলাম না। অফার পেলেও বসে থাকার চেয়ে প্রথম বিভাগ খেলাটাই ভালো মনে করেছি। তবে পরবর্তীতে যদি সুযোগ হয়, অবশ্যই ভালো খেলার চেষ্টা থাকবে। সাদা বলের ক্রিকেট মোটামুটি খেলি; ফার্স্ট ডিভিশনে যদি স্ট্রাইক রেটগুলো দেখেন বা স্কোরকার্ডগুলো দেখেন, গত ছয়-সাত বছরে মোটামুটি আমার পারফরম্যান্স ভালো। সুযোগ পেলে সাদা বলের ক্রিকেটেও ভালো করার চেষ্টা করব।
প্রশ্ন: আপনার সহধর্মিণী সানজিদা ইসলাম বাংলাদেশ নারী ক্রিকেট দলে খেলেছেন। কীভাবে ভালো করা যায়, এসব নিয়ে তাঁর সঙ্গে কথা হয় না?
মীম:আমাদের মধ্যে ক্রিকেট নিয়ে সব সময় কথা হয়। ও তো ক্রিকেট বোঝে ভালো, যেহেতু ও ক্রিকেটার ছিল। শুরু থেকেই আমাদের মধ্যে ক্রিকেট নিয়ে কথা হতো। ভালো-মন্দ, খারাপ, কীভাবে কী, কোনটার প্রসেস কী রকম, এগুলো নিয়ে কথা হয়। আমাদের মধ্যে ক্রিকেট নিয়ে কথা হয়, এটা একটা ভালো বিষয়।

