ক্লাসিকোতে রোনালদোর নতুন কীর্তি

এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে ক্লাসিকোতে আল নাসরের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন রোনালদো। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, এই প্রতিদ্বন্দ্বিতায় তাঁর গোলসংখ্যা পাঁচ। সমান পাঁচ গোল নিয়ে তাঁর পাশে আছেন আল নাসরের সাবেক তারকা মোহাম্মদ আল সাহলাওয়ি ও ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিসকা।
তবে দুই দলের ক্লাসিকোতে সর্বোচ্চ গোলের সামগ্রিক রেকর্ড থেকে এখনো ছয় গোল দূরে রোনালদো। আল আহলির সাবেক সিরিয়ান স্ট্রাইকার ওমর আল সোমা আল নাসরের বিপক্ষে ১১ গোল করে সেই রেকর্ডের মালিক।
চলতি মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ৯। গোলদাতাদের তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। শীর্ষে থাকা আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনির চেয়ে চার গোল পিছিয়ে পর্তুগিজ তারকা।
ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার অভিযানও এগিয়ে চলছে রোনালদোর। আল আহলির বিপক্ষে গোলটি ছিল তাঁর ক্যারিয়ারের ৯৮৬তম। ঐতিহাসিক এই মাইলফলক থেকে এখন মাত্র ১৪ গোল দূরে তিনি।
ক্লাসিকোতে নামার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ১২ ম্যাচে ৯ গোল করেছিলেন রোনালদো। তবে ওই সময় পর্যন্ত কোনো অ্যাসিস্ট ছিল না তাঁর।

