দুবার বেক করতে হয় যে রুটি

ফ্রিজেলের প্রধান বৈশিষ্ট্য
ফ্রিজেলকে একবচনে বলা হয় ফ্রিজেলা। এটি মূলত ডুরাম গম বা বার্লির আটা দিয়ে তৈরি একধরনের রিং আকৃতির রুটি। আগেই বলেছি, এই রুটি দুবার বেক করা হয়। দুবার বেক করার ফলে রুটির ভেতরের প্রায় সব আর্দ্রতা বা পানি শুকিয়ে যায়। এতে ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতে পারে না। ফলে সঠিক নিয়মে রাখলে এটি দীর্ঘ সময় অর্থাৎ কয়েক মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত ভালো থাকে।
হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য
প্রাচীন নাবিকদের সঙ্গী: আধুনিক ফ্রিজ বা রেফ্রিজারেশন ব্যবস্থা আবিষ্কারের বহু আগে, খ্রিষ্টপূর্ব দশম শতক থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের নাবিক ও বণিকেরা দীর্ঘ সমুদ্রযাত্রায় এই ধরনের শুকনো রুটি সঙ্গে নিতেন। প্রথম শতকের রোমান লেখক প্লিনি দ্য এল্ডার নাবিকদের জন্য তৈরি এমন দুবার বেক করা রুটির কথা উল্লেখ করেছিলেন, যা পরিচিত ছিল প্যানিস নটিকাস নামে।
ক্রুসেডারদের রুটি: পুলিয়া অঞ্চলে ফ্রিজেল এতটাই জনপ্রিয় ছিল যে একে ক্রুসেডারদের রুটি বলা হতো। পবিত্র ভূমির উদ্দেশে পুলিয়ার বন্দর হয়ে যাতায়াতকারী সৈন্য ও তীর্থযাত্রীদের দীর্ঘ পথের প্রধান রসদ ছিল এটি। পাশাপাশি কৃষকেরাও মাঠে কাজ করার সময় সহজ সংরক্ষণযোগ্য খাবার হিসেবে এটি সঙ্গে রাখতেন।

