পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান-মাসুদ

বাদ পড়েছেন টেস্ট অধিনায়ক শান মাসুদও। গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই বাঁহাতি ব্যাটার এবার নতুন তালিকায় নেই। তাঁর সঙ্গে চুক্তি হারিয়েছেন সাইম আইয়ুবও। গত বছর ক্যাটাগরি বি-তে থাকা সাইম এবার কোনো সংস্করণের চুক্তিতে জায়গা পাননি।
এবারের তালিকায় গত বছরের চুক্তিতে থাকা মোট ১৩ ক্রিকেটার নেই। রিজওয়ান, মাসুদ ও সাইমের পাশাপাশি বাদ পড়েছেন হাসান আলী, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলি, হুসাইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
অন্যদিকে নতুন চুক্তিতে তরুণ ক্রিকেটারদের বেশ গুরুত্ব দিয়েছে পিসিবি। ৩৮ ক্রিকেটারের মধ্যে ১৯ জনকে রাখা হয়েছে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে। সাম্প্রতিক সময়ে টেস্ট অভিষেক হওয়া তায়াব আরিফ, মোহাম্মদ তাহা, গাজি ঘোরি, রাজাউল্লাহ ও সাকিব খানও রয়েছেন এই শ্রেণিতে।
টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি পেয়েছেন বাবর আজম ও সালমান আলি আগা। শুধু টেস্ট চুক্তিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি চুক্তি পেয়েছেন ছয়জন। আর সাত ক্রিকেটারকে দেওয়া হয়েছে শুধু টি-টোয়েন্টি চুক্তি।
গত বছরের তুলনায় এবার চুক্তির তালিকায় আটজন ক্রিকেটার বেশি রেখেছে পিসিবি। সংখ্যায় ক্রিকেটার বাড়লেও অভিজ্ঞ কয়েকজনের বাদ পড়া এবং তরুণদের ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি নতুন কাঠামোয় বোর্ডের পরিকল্পনার পরিবর্তন স্পষ্ট করেছে। তবে রিজওয়ান, মাসুদ ও সাইমের বাদ পড়ার পেছনে নির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পিসিবি।

