বিপিএলে দল নিতে চান লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা

অনুকূল পরিবেশ ও সুযোগ তৈরি হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের অন্যতম মালিক সামিন রানা। একই সঙ্গে দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন পাকিস্তানের এই ক্রিকেট উদ্যোক্তা। এমনকি বিপিএলের উন্নয়ন নিয়ে ইতোমধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে পরিকল্পনা বিনিময়ের কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চুয়াডাঙ্গা ডট নেটকে দেওয়া বক্তব্যে নিজের এই আগ্রহের কথা তুলে ধরেন সামিন রানা। তবে বিপিএলে দল নেওয়ার বিষয়টি মূলত নির্ভর করছে বোর্ডের পক্ষ থেকে কেমন সুযোগ মিলবে এবং সংশ্লিষ্ট শর্তাবলি কতটা মানানসই হবে তার ওপর।
বাংলাদেশের সঙ্গে আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে সামিন বলেন, ‘বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের একটি দেশ। বিপিএল কিংবা বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হওয়ার সুযোগ খুঁজছি। সবকিছু নির্ভর করছে কী ধরনের সুযোগ পাওয়া যায়, তার ওপর। সুযোগ থাকলে আমি অবশ্যই বিপিএলের অংশ হতে চাই।’
বিপিএলের সংকট ও সম্ভাবনা
প্রতিযোগিতা হিসেবে বিপিএলের প্রশংসা করলেও সাম্প্রতিক সময়ে আসরটির নানামুখী জটিলতার বিষয়টি দৃষ্টি এড়ায়নি লাহোর কালান্দার্সের এই প্রতিষ্ঠাতার। বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট উন্মাদনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিপিএল দারুণ একটি টুর্নামেন্ট। আমি জানি, কিছু কারণে প্রতিযোগিতাটি কঠিন সময় পার করছে। তবে বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেট নিয়ে মানুষের যে আবেগ, তাতে এমন একটি লিগ পরিচালনায় এতটা সংগ্রাম করতে হওয়ার কথা নয়।’
উল্লেখ্য, আর্থিক ক্ষতি এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরীণ সমস্যার কারণে বিপিএল আয়োজন নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গত আগস্টে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, ২০২৬-২৭ মৌসুমে বিপিএল মাঠে গড়াবে না। আসরটিকে নতুন রূপরেখায় ফেরাতে পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড।
এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতির সঙ্গে নিজের দীর্ঘ অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন সামিন। পিএসএলে টানা ১১ বছর কাজ করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, টি-টেন ক্রিকেট এবং কানাডার ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।
তামিম ইকবালের সঙ্গে আলোচনার বিষয়টি স্পষ্ট করে সামিন বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছে। সেখানে আমরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছি। বছরের পর বছর কাজ করে আমরা অনেক কিছু শিখেছি। কীভাবে প্রতিযোগিতাটিকে আরও উন্নত করা যায়, সে বিষয়ে কিছু ভাবনা ভাগাভাগি করেছি।’
তবে শুধু দল কেনাই তার একমাত্র উদ্দেশ্য নয়। বিপিএলে সরাসরি দল নেওয়ার সুযোগ না মিললেও বাংলাদেশের ক্রিকেটারদের মানোন্নয়নে বিসিবির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেছেন সামিন রানা।

