আর্জেন্টিনার ভুলেই স্পেনের জয়সূচক গোল? নিকোর চাঞ্চল্যকর স্বীকারোক্তি

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে ফাইনালে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায় লিওনেল মেসিদের। তিন মাসের বেশি সময় পর সেই জয়সূচক গোল নিয়ে সামনে এল চমকপ্রদ এক তথ্য। স্পেনের হয়ে গোলটিতে অ্যাসিস্ট করা নিকো উইলিয়ামস জানিয়েছেন, আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনার ধাক্কা না পেলে বলের নাগালই পেতেন না তিনি। প্রতিপক্ষের সেই অনিচ্ছাকৃত সহায়তাতেই শেষ পর্যন্ত তৈরি হয়েছিল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী গোলের সুযোগ।
সম্প্রতি স্প্যানিশ প্রতিষ্ঠান ফুটবল ইমোশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণা করেন নিকো। সেখানেই আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোলের পেছনের অজানা ঘটনাটি তুলে ধরেন অ্যাথলেটিক বিলবাওয়ের এই উইঙ্গার। তার বক্তব্য প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এবং আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দীর্ঘ সময় গোলশূন্য ছিল দুই দল। তবে ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
গোলটির শুরু হয়েছিল পেদ্রো পোরোর একটি ক্রস থেকে। বক্সের ভেতরে উড়ে আসা বল মাথা দিয়ে ফেরান তোরেসের দিকে বাড়িয়ে দেন নিকো উইলিয়ামস। এরপর প্রথম স্পর্শেই জোরালো শটে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন ফেরান। সেই গোলেই শেষ হয়ে যায় আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
তবে সেই হেড করার সময়ই মোলিনার কাছ থেকে অপ্রত্যাশিত সহায়তা পেয়েছিলেন নিকো। তার দাবি, আর্জেন্টাইন ডিফেন্ডারের ধাক্কা না পেলে পোরোর ক্রসে মাথাই ছোঁয়াতে পারতেন না তিনি।
সাক্ষাৎকারে নিকো বলেন, ‘আমার মনে হয়, মানুষ এখনো বিষয়টা বুঝতে পারেনি। মোলিনা যদি আমাকে ধাক্কা না দিত, তাহলে ওই বলে আমি পৌঁছাতেই পারতাম না। হাজারবার চেষ্টা করলেও না।’
কীভাবে ঘটনাটি ঘটেছিল, সেটিও বিস্তারিত জানিয়েছেন স্প্যানিশ তারকা। তার ভাষায়, ‘বলটা নিচে নামছিল আর তখন মোলিনা আমাকে ধাক্কা দেয়। দুই হাত দিয়ে আমার সঙ্গে ধাক্কা লাগে। বল আসার সময় ভাবছিলাম, আমি কোনোভাবেই পৌঁছাতে পারব না। কিন্তু ধাক্কা খাওয়ার পর মনে হলো, এবার পারব।’
এরপর কেন নিজে গোলের চেষ্টা না করে ফেরানকে বল বাড়িয়ে দিয়েছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন নিকো।

