শিশুর সংখ্যা ঠিক না করে দেওয়া হচ্ছে টিকা

চলতি মাসে হাম পরিস্থিতি ও টিকাদান কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সাময়িকী ‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস’- সাময়ীকিতে এ প্রকাশিত পর্যালোচনাধর্মী একটি প্রবন্ধে বাংলাদেশের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণের পদ্ধতি নিয়ে উদ্বেগের কথা বলা হয়। এতে বলা হয়েছে, টিকাদানের হার ১০০ শতাংশের বেশি দেখালেও জনসংখ্যার একটি অংশের মধ্যে টিকার ঘাটতি আড়ালে থেকে যেতে পারে। একই সঙ্গে টিকা দেওয়ার তথ্য অতিরিক্ত দেখানোর সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
দেশের জনস্বাস্থ্যবিদেরাও বলছেন, টিকাদানের কভারেজ লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি এবং হিসাবেও গরমিল আছে। নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটায় অনেক শিশু নির্ধারিত সময়ে টিকা পায়নি। সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ ক্যাম্পেইনের পাশাপাশি নিয়মিত টিকাদান জোরদার এবং বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা জরুরি।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘হামের সংক্রমণক্ষমতা অনেক বেশি। এর বিস্তার ঠেকাতে ব্যাপক টিকাদানের বিকল্প নেই। অন্যান্য কিছু সংক্রামক রোগে জনগোষ্ঠীর বড় অংশকে টিকা দেওয়া হলে বাকিরাও পরোক্ষ সুরক্ষা পেতে পারে। কিন্তু হামের ক্ষেত্রে এমন গোষ্ঠীগত সুরক্ষা তৈরি করা কঠিন। তাই অন্তত ৯৫ শতাংশ বা তার বেশি শিশুকে টিকার আওতায় আনতে হবে।’

