বৃন্দাবনের ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

উত্তর প্রদেশের মথুরা–বৃন্দাবনের ধর্মগুরু ইন্দ্রদেব মহারাজের বিরুদ্ধে এক নারী ভক্তকে যৌন নির্যাতন, শ্লীলতাহানি এবং ব্ল্যাকমেলের অভিযোগে উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলাও দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী মহারাষ্ট্রের পুনের বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, ২০২৩ সালে বৃন্দাবনের ‘সেবধাম আশ্রমে’ অবস্থানের সময় ইন্দ্রদেব মহারাজ তাঁকে যৌন নির্যাতন করেন এবং পরবর্তীতে ভিডিও কলে নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডে বাধ্য করেন।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, মহারাষ্ট্রের মিরা-ভায়ান্দরের কাশিমিরা পুলিশ স্টেশন এই ঘটনায় একটি ‘জিরো এফআইআর’ নথিভুক্ত করেছে। এটি পরবর্তীতে ঘটনাস্থল উত্তর প্রদেশের মথুরায় স্থানান্তরিত করা হবে।
ভুক্তভোগী নারীর অভিযোগপত্র অনুযায়ী, ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্দ্রদেবের ধর্মীয় প্রবচন দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরবর্তীতে মুম্বাইয়ের সান্টাক্রুজে একটি সৎসং অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। নিজের ব্যক্তিগত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ইন্দ্রদেব তাঁর আস্থা অর্জন করেন এবং পরবর্তীতে তাঁকে বৃন্দাবনের সেবাধাম আশ্রমে ডেকে পাঠান।

