রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন: রাবি শিবির সভাপতি

ভর্তি পরীক্ষার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। একই সঙ্গে উপাচার্যের সাক্ষাতের শিডিউল না পাওয়া এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে আগামী ১০ নভেম্বর মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় উপাচার্যের সাক্ষাৎ শিডিউল না পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নে এসব মন্তব্য করেন তিনি।
এর আগে, দুপুর আড়াইটায় শিবিরের নেতারা রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেন এবং গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে রাকসুর পরবর্তী নির্বাচনের তপশিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবি জানিয়েছিলেন।
এসময় মুজাহিদ ফয়সাল বলেন, গত এক সপ্তাহ ধরে আমরা উপাচার্য স্যারের শিডিউল চাচ্ছিলাম। কিন্তু বারবার বিভিন্ন ব্যস্ততা ও উপাচার্য ক্যাম্পাসে থাকবেন না বলে আমাদের জানানো হয়েছে। আজও অফিস থেকে জানানো হয়, উপাচার্য ঢাকায় থাকবেন। কিন্তু আমরা দুঃখজনকভাবে জানতে পারি তিনি সকাল থেকে ক্যাম্পাসেই ছিলেন।
শিবির সভাপতি বলেন, গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে রাকসুর পরবর্তী নির্বাচনের তপশিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবি জানিয়েছিল ছাত্রশিবির। এরপর কয়েক দফায় প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও রাকসু নিয়ে প্রশাসনের সর্বশেষ অবস্থান জানা সম্ভব হয়নি।

