যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ প্রত্যাহার

টেলিযোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখার পর এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে বিমান চলাচলে স্থগিতাদেশ জারি করেছিল এফএএ। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি ঘটনাটিকে ‘যোগাযোগগত সমস্যা’ হিসেবে বর্ণনা করেন।
এর ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকে। পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন বলেন, এ ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা কখনোই ঝুঁকির মুখে পড়েনি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আবারও বিষয়টি স্পষ্ট করতে চাই; এই পুরো প্রক্রিয়ায় সাধারণ মানুষ কখনোই বিপদের মুখে পড়েনি।’
তিনি আরও বলেন, ‘কোনো ফ্লাইট ঝুঁকির মধ্যে ছিল না। এফএএ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবেই আমরা এ পদক্ষেপ নিয়েছিলাম।’
অন্যদিকে, পরিবহনমন্ত্রী শন ডাফি ঘটনাটিকে ‘জরুরি পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন।
এফএএর স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্বাভাবিক করার পথ তৈরি হয়েছে। তবে স্থগিতাদেশের কারণে সৃষ্ট ফ্লাইট বিপর্যয়ের প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

