যুক্তরাজ্যে অনলাইনে কিশোরীদের যৌন নির্যাতন, ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

অনলাইনে কিশোরীদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে যৌন নির্যাতন, ব্ল্যাকমেল ও ভয়ভীতি প্রদর্শনের দায়ে ২৭ বছর বয়সি ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। ১০ থেকে ১৭ বছর বয়সি কিশোরীদের লক্ষ্যবস্তু বানিয়ে অনলাইনে যৌন নির্যাতনের একাধিক অপরাধের দায় স্বীকার করার পর শুক্রবার চেস্টার ক্রাউন কোর্টে তার সাজা ঘোষণা করা হয়।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে যোগাযোগ করতেন কাজি। এভাবে ১০ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলে তাদের যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য করতেন তিনি।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) বিশেষ কৌঁসুলি মার্টিন ম্যাকরব বলেন, বিপুলসংখ্যক তরুণী ও অসহায় কিশোরীকে ফাঁদে ফেলে নিয়ন্ত্রণ এবং শোষণের ক্ষেত্রে চরম নির্মমতার পরিচয় দিয়েছেন কাজি। যারা তার পরবর্তী দাবিতে রাজি হতো না, তাদের আগে পাঠানো ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতেন তিনি।
ম্যাকরব আরও বলেন, কাজি নিজেকে কিশোর হিসেবে পরিচয় দেওয়ায় অনেক ভুক্তভোগী মনে করত, তার সঙ্গে তাদের প্রকৃত প্রেমের সম্পর্ক রয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পারার পর তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকেই গুরুতর ও দীর্ঘস্থায়ী মানসিক আঘাতের শিকার হয়েছে।
সিপিএস জানায়, সংগঠিত শিশু যৌন নির্যাতনবিষয়ক ইউনিট আদালতে চেশায়ার ও ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তদন্তে সংগৃহীত বিপুল প্রমাণ উপস্থাপন করেছে। চেশায়ার পুলিশের অনলাইন শিশু নির্যাতন তদন্ত দলের গোয়েন্দা কনস্টেবল জর্জিয়া হিউজ বলেন, অপরাধের ব্যাপকতার কারণে এটি ছিল অত্যন্ত বড় একটি তদন্ত। এ জন্য পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে বিপুল জনবল ও সম্পদ কাজে লাগাতে হয়েছে।
তিনি বলেন, কাজির শিকার হওয়া মেয়েদের অনেকের জন্যই তার সঙ্গে যোগাযোগ ছিল প্রেমের সম্পর্কের প্রথম অভিজ্ঞতা। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে কাজি তার অনৈতিক আচরণকে স্বাভাবিক বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। তার অপরাধের কারণে ভুক্তভোগীদের অনেকেই দীর্ঘদিন আতঙ্কের মধ্যে কাটিয়েছে। এমনকি কেউ কেউ বছরের পর বছর সেই মানসিক চাপ বয়ে বেড়িয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম ভুক্তভোগী ১৩ বছর বয়সে স্ন্যাপচ্যাটে কাজির সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি বিশ্বাস করতেন, কাজির বয়সও তার সমান। কিন্তু অল্প সময়ের মধ্যেই কথোপকথন যৌন বিষয়ে গড়ায়। কাজি তাকে বিভিন্ন অনুপযুক্ত প্রশ্ন করতে শুরু করেন এবং একপর্যায়ে যৌন উত্তেজক ছবি ও ভিডিও পাঠানোর জন্য চাপ দেন।

