ট্রাম্পের সমর্থনের পরও জেনসেনকে সিইও হিসেবে ফেরাতে রাজি নয় এনভিডিয়া

‘স্ট্যান্ড উইথ জেনসেন’ নামের প্রচারাভিযানের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮ হাজার ৮০০ জনের বেশি স্বাক্ষরকারী নিজেদের এনভিডিয়ার বর্তমান কর্মী এবং ৯৪ হাজারের বেশি ব্যক্তি শেয়ারহোল্ডার হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তাঁদের পেশাগত পরিচয় স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছে প্রচারাভিযান কর্তৃপক্ষ।
প্রচারণায় মাস্ক ছাড়াও রিপ্লিটের প্রধান নির্বাহী আমজাদ মাসাদ এবং এপিক গেমসের প্রধান নির্বাহী টিম সুইনি সমর্থন জানিয়েছেন। ওয়েবসাইটে প্রকাশিত এক খোলা চিঠিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের প্রতি স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পাশাপাশি হুয়াংকে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।
তবে করপোরেট সুশাসন বিশেষজ্ঞ এবং কয়েকজন বিনিয়োগকারী সতর্ক করেছেন, তদন্ত শেষ হওয়ার আগেই হুয়াংকে ফিরিয়ে আনলে প্রতিষ্ঠানটি নতুন ঝুঁকির মুখে পড়তে পারে। এনভিডিয়ার প্রভাবশালী শেয়ারহোল্ডার অ্যাট্রিডিস ম্যানেজমেন্টের গ্যাভিন বেকার ও অল্টিমিটার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী ব্র্যাড গারস্টনারও সব তথ্য প্রকাশের আগে নতুন নেতৃত্ব নিয়োগে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন।
হুয়াংয়ের প্রতি সমর্থন শুধু এনভিডিয়ার কর্মী ও বিনিয়োগকারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। তাইওয়ানের সবচেয়ে উঁচু ভবন তাইপে ১০১-এ সোমবার আলোকসজ্জার মাধ্যমে ‘তাইওয়ান লাভস জেনসেন’সহ বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়।

