এবার এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগ

চীনে অবৈধভাবে চিপ পাচারের অভিযোগে অভিযুক্ত সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান সুপার মাইক্রো কম্পিউটার (এসএমসিআই)। যুক্তরাষ্ট্রভিত্তিক শর্ট-সেলিং প্রতিষ্ঠান মাডি ওয়াটার্স রিসার্চ প্রশ্ন তুলেছে, সুপার মাইক্রো কম্পিউটারের সাবেক কর্মকর্তা সেনলি চেন আর এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তা অজয় কে ‘জে’ পুরির স্ত্রী হিসেবে পরিচিত সেনলি চেন একই ব্যক্তি কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
গত ১৭ নভেম্বর প্রকাশিত ‘এনভিডিয়া: মোর চায়না’ শীর্ষক এক প্রতিবেদনে এসব প্রশ্ন তুলেছে মাডি ওয়াটার্স। প্রতিবেদনটিতে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে তোলা বিভিন্ন ছবি বিশ্লেষণ করে পুরির সঙ্গে তাঁর স্ত্রী হিসেবে পরিচিত সেনলি চেনের উপস্থিতির বিষয়টি তুলে ধরা হয়েছে।
চলতি বছরের জুনে দায়িত্ব ছাড়ার আগে টানা ২১ বছর এনভিডিয়ার বিশ্বব্যাপী বিক্রয় ও কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন জে পুরি। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসের পর করপোরেট কাঠামোয় তাঁর অবস্থান ছিল তৃতীয়। দায়িত্ব ছাড়লেও তিনি এখনো এনভিডিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন। গত ১৭ জুন তাঁর হাতে ছিল এনভিডিয়ার ৩৬ লাখ ৬৫ হাজার ২২০টি শেয়ার, ১৬ নভেম্বর পর্যন্ত যার বাজারমূল্য প্রায় ৫৭ কোটি ডলার।

