চীনে চিপ রপ্তানিতে মার্কিন অনুমোদন, সুবিধা পেয়েছে নিষিদ্ধ প্রতিষ্ঠানও

অন্যদিকে, সিএনএনের পৃথক অনুসন্ধানে দেখা গেছে—যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত অন্তত ছয়টি চীনা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়ার নিয়ন্ত্রণাধীন চিপ কিনেছে। প্রায় ৩০০টি ক্রয়সংক্রান্ত নথি পর্যালোচনা করে সংবাদমাধ্যমটি জানায়, ৯০টি ক্রেতা প্রতিষ্ঠানের প্রায় ৮০ শতাংশ বিশ্ববিদ্যালয় এবং ১৪ শতাংশ গবেষণা প্রতিষ্ঠান। কেনা চিপের মধ্যে এ১০০, এ৮০০, এইচ১০০, এইচ২০০ ও এইচ৮০০ মডেল রয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, চীনের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’ গোষ্ঠীর সদস্য হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি গত সেপ্টেম্বরে প্রায় ৭ হাজার ডলারে একটি এ১০০ চিপ কেনে। একই সময়ে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি প্রায় ২ লাখ ৪০ হাজার ডলারে চারটি এইচ২০০ চিপ কেনে।
গোষ্ঠীটির আরেক সদস্য বেইহাং ইউনিভার্সিটি ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এক ডজনের বেশি এ১০০ ও এ৮০০ চিপ কেনে। প্রতিষ্ঠানটি ২০০১ সাল থেকেই মার্কিন কালো তালিকায় রয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞার আওতাধীন আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও চিপ কেনার তথ্য প্রকাশ করেছে।
বিশেষজ্ঞদের ধারণা, নিষেধাজ্ঞার আগে চীনে মজুত করা চিপ কিংবা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসব কেনাকাটা হয়ে থাকতে পারে। গত বছর এনভিডিয়ার তদবিরের পর যুক্তরাষ্ট্র এইচ২০০ চিপ বিক্রির ক্ষেত্রে বিশেষ অনুমোদনের সুযোগ দেয়। তবে এ১০০ চিপ রপ্তানি নিষিদ্ধ। চীনের অজ্ঞাতপরিচয় বিক্রেতাদের মাধ্যমে এসব চিপ বিশ্ববিদ্যালয়গুলোতে পৌঁছেছে বলে নথিতে দেখা যায়। চিপগুলো বাস্তবে সরবরাহ করা হয়েছিল কি না, তা সিএনএন নিশ্চিত করতে পারেনি।
যুক্তরাষ্ট্রের সাবেক রপ্তানি নিয়ন্ত্রণ কর্মকর্তা কেট কোরেন বলেন, ভুয়া কোম্পানি, একাধিক দেশের মধ্য দিয়ে চালান, মুদ্রা পরিবর্তন ও জাল নথি ব্যবহার করে চিপ পাচার করা হয়। ফলে চীনে পৌঁছে যাওয়ার পর এসব চিপের বিক্রি বন্ধ করা অত্যন্ত কঠিন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং অবশ্য বলেছেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে বেইজিং।

