জুতা পালিশ থেকে প্রেসিডেন্ট ভবন, লুলার জীবনের নাটকীয় উত্থানপতন

দুর্নীতির অভিযোগ, কারাবাস ও রাজনৈতিক প্রত্যাবর্তন
ক্ষমতায় থাকার সময় লুলা ও তার দল ব্যাপক দুর্নীতির অভিযোগ ও কেলেঙ্কারির মুখে পড়েন। এসব ঘটনা ব্রাজিলের রাজনীতিতে জনঅসন্তোষ বাড়াতে ভূমিকা রাখে। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে ডানপন্থী নেতা জইর বলসোনারো প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এর আগে দুর্নীতির মামলায় লুলাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে আইনি ও প্রক্রিয়াগত কারণে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দণ্ডাদেশ বাতিল হয়। মামলার বিচারক পক্ষপাতদুষ্ট ছিলেন বলেও আদালতের পর্যবেক্ষণে উঠে আসে। তবে এসব আইনি সিদ্ধান্তকে দুর্নীতির অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতির সঙ্গে এক করে দেখা যায় না।
বলসোনারোর শাসনামলে ব্রাজিলের রাজনৈতিক বিভাজন আরও গভীর হয়। ২০২২ সালের নির্বাচনে অল্প ব্যবধানে জয়ী হয়ে আবারও প্রেসিডেন্টের দায়িত্বে ফেরেন লুলা। দারিদ্র্য থেকে ক্ষমতায় উত্থান, কারাবাস এবং পুনরায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন ব্রাজিলের সাম্প্রতিক ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়ে পরিণত হয়েছে।
সামাজিক কর্মসূচি ও পরিবেশ রক্ষায় উদ্যোগ
প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে লুলার উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে ছিল পূর্ববর্তী সরকারের সময় ক্ষতিগ্রস্ত সামাজিক কর্মসূচিগুলো পুনরায় চালু করা, আমাজন বন ধ্বংসের হার কমানোর প্রচেষ্টা এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা।
দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ‘বলসা ফ্যামিলিয়া’ কর্মসূচি তার রাজনৈতিক উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ অংশ। প্রায় দুই দশক আগে চালু হওয়া এ কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হয়। নির্বাচনের আগে এ কর্মসূচির ভাতা বাড়ানোর উদ্যোগও নেন তিনি।
তবে তার সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। অপরাধ ও দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন অনেক ভোটারের বিরোধিতার পাশাপাশি সরকারি ঋণ বৃদ্ধি নিয়েও সমালোচনা রয়েছে। উচ্চ সুদের কারণে ঋণের সুদ পরিশোধে সরকারের বিপুল অর্থ ব্যয় হচ্ছে। সরকারি ব্যয় বাড়ানোর নীতিও অর্থনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
রাজনৈতিক মেরুকরণের মধ্যে নতুন অধ্যায়
লুলার রাজনৈতিক সাফল্য ও বিতর্ক; দুটিই ব্রাজিলের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। একদিকে তার সমর্থকেরা দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন। অন্যদিকে দুর্নীতির কেলেঙ্কারি, অর্থনৈতিক নীতি এবং অপরাধ পরিস্থিতি নিয়ে তার সমালোচকেরা প্রশ্ন তোলেন।
সাম্প্রতিক নির্বাচনে তার জয় সমর্থকদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস তৈরি করেছে। তাদের একাংশের আশঙ্কা ছিল, ফ্লাভিও বলসোনারো ক্ষমতায় এলে নাগরিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ব্রাজিলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে অর্থনীতি, সামাজিক বৈষম্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক মেরুকরণের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা সংকট পেরিয়ে লুলার প্রত্যাবর্তন তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্রাজিলের পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতারও প্রতিফলন।

