প্রিয়জন হাসপাতালে ভর্তি? হাসপাতালে রাত কাটাতে নিজের সঙ্গে রাখুন এসব স্ন্যাকস

সকালের নাশতায় চিয়া পুডিং
চিয়া পুডিং সাধারণত চিয়া বীজ, দুধ, ভ্যানিলা এসেন্স, ফল ও মধু দিয়ে তৈরি করা হয়। চিয়া বীজ অত্যন্ত পুষ্টিকর। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, আঁশ এবং আয়রন থাকে প্রচুর। প্রায় ২ টেবিল চামচ বা ২৮ গ্রাম চিয়া বীজ ক্যালসিয়ামের দৈনিক চাহিদার ১৩ শতাংশ এবং আঁশের দৈনিক চাহিদার প্রায় ৩৫ শতাংশ সরবরাহ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সকালের নাশতায় চিয়া বীজ যোগ করলে তা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ক্যালরি গ্রহণ কমাতে সাহায্য করতে পারে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। চিয়া পুডিং তৈরি করতে একটি কাচের জারে ৩ টেবিল চামচ বা ৪০ গ্রাম চিয়া বীজের সঙ্গে ১ কাপ বা ২৪০ মিলি দুধ মেশান। এতে কাটা ফল, কুমড়োর বীজ, সামান্য মধু এবং ভ্যানিলা এসেন্স যোগ করুন। কেবিনে একটি কৌটোয় চিয়া বীজ এনে রাখুন। সঙ্গে রাখতে পারেন মিল্ক পাউডার, বাদাম ও কিশমিশ। এগুলো দিয়েই সকালে চিয়া পুডিং তৈরি করে খেয়ে নিন।

ঘরে তৈরি প্রোটিন বার
দোকান থেকে কেনা প্রোটিন বারগুলোতে প্রায়ই অতিরিক্ত চিনি মেশানো থাকে। অবশ্য কম চিনিযুক্ত স্বাস্থ্যকর সংস্করণও পাওয়া যায়। আপনি যদি আপনার প্রোটিন বারে কী কী থাকবে, তার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চান, তবে স্বাস্থ্যকর উপাদান দিয়ে ঘরেই নিজের প্রোটিন বার তৈরি করুন। এর জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের বীজ, বাদাম, মাখন, কোরানো নারকেল, শুকনো ফল, মধু ইত্যাদি। বাদাম ও বীজ টেলে তারপর গুঁড়া করে মাখন গরম করে তাতে ভাজতে হবে। এরপর নারকেল যোগ করে মধু মিশিয়ে বার তৈরি করতে হবে। এটি পুষ্টিকর স্ন্যাকস হিসেবে সুস্বাদু ও স্বাস্থ্যকর। এক কৌটো সঙ্গে রাখুন। ক্লান্ত লাগলে বা বিকেলে ক্ষুধা পেলে একটি মুখে পুরে নিন।

