এই শীতে ঘুরে আসুন রাজা টংকনাথের রাজবাড়ি থেকে

রাজবাড়ির ভেতরে পূর্ব পাশে ছিল অন্দরমহল, পশ্চিমে সিংহদরজা এবং বাড়ির উল্টো দিকে দুটি দিঘি। রাজবাড়ি-সংলগ্ন উত্তর-পূর্ব কোণে ছিল কাচারিবাড়ি, তার চিহ্ন আছে এখনো। লাল রঙের দালানটির স্থাপত্যশৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলংকরণের ছাপ সুস্পষ্ট দেখা যায়।
উনিশ শতকের শেষ ভাগে তৈরি হয়েছিল রাজা টংকনাথের বাড়ি। রাজার বাবা বুদ্ধিনাথ এই বাড়ি নির্মাণ শুরু করেছিলেন। তাঁর মৃত্যুর পরে রাজা টংকনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন। জানা যায়, রাজা টংকনাথের পূর্বপুরুষদের কেউ জমিদার ছিলেন না। বর্তমান রাণীশংকৈল উপজেলা শহরের বেশ কিছুটা দূরে কাটিহারে গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন। সেই জমিদারের মন্দির দেখাশোনার কাজ করতেন টংকনাথের বাবা বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার কাশি যাওয়ার সময় তাম্রপাতে দলিল করে যান, তিনি ফিরে না এলে মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ জমিদারির মালিক হবেন। গোয়ালা জমিদার ফিরে না আসায় বুদ্ধিনাথ জমিদারির মালিক হন। আজকাল বিশ্বাস হতে না চাইলেও উনিশ ও বিশ শতকে এই ভূভারতের বিভিন্ন চমৎকার ঘটনার মতো এটিও একটি বটে।

