ম্যান্ডোপপ সম্রাটের শৈশবের শহর তামসুই


তামসুই ওল্ড স্ট্রিট ও রসনাবিলাস
মেট্রো স্টেশন থেকে সামান্য হাঁটলেই নদীর সমান্তরালে চলে গেছে তামসুই ওল্ড স্ট্রিট। সারি সারি দোকান, রেস্তোরাঁ আর স্যুভেনিরের পসরা সাজানো এই রাস্তার আসল আকর্ষণ এখানকার স্থানীয় খাবার। জাপানি শব্দ ‘আবুরা-আগে’ থেকে আসা এই পদ এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার। ভাজা টফুর ভেতরে গ্লাস নুডলস পুরে, মাছের পেস্ট দিয়ে মুখ বন্ধ করে ভাপে সেদ্ধ করা হয় এবং মিষ্টি-ঝাল সস দিয়ে পরিবেশন করা হয়। এ ছাড়া ফিশ বল, মুচমুচে মাছের চামড়া এবং ‘আয়রন এগ’ (Iron Eggs—বিশেষ মসলায় বারবার সেদ্ধ করে তৈরি কালচে ও চিবানো স্বাদের ডিম) এখানকার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড।

নদীতীরে সাইক্লিং ও গোধূলির মায়া
তামসুই ঘুরে দেখার অন্যতম সেরা উপায় হলো সাইকেল ভাড়া নিয়ে নদীর ধার ঘেঁষে চালানো। সমতল রাস্তা হওয়ায় সাধারণ সাইক্লিস্টদের জন্যও এটি বেশ আরামদায়ক। বিকেল ৪টার দিকে যাত্রা শুরু করলে সূর্যাস্তের সোনালি আলোয় পুরোনো মহল্লা আর ঐতিহাসিক স্থাপনা দেখতে দেখতে ফিশারম্যানস ওয়ার্ফ পর্যন্ত যাওয়া যায়। পথের শেষে রয়েছে শহরের অন্যতম আইকনিক স্থাপনা লাভার্স ব্রিজ। এখান থেকে নদীর মোহনায় সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অবিস্মরণীয়, যা বিখ্যাত তামসুই টোয়াইলাইট গানে অমর হয়ে আছে।
নতুন আকর্ষণ দানজিয়াং সেতু
২০২৬ সালের মে মাস থেকে তামসুইয়ের সৌন্দর্যে যুক্ত হয়েছে নতুন পালক। নাম দানজিয়াং সেতু। তামসুই ও বালি অঞ্চলকে যুক্ত করা ৯২০ মিটার দীর্ঘ এই সেতুর নকশা করেছে প্রয়াত বিশ্বখ্যাত স্থপতি জাহা হাদিদের প্রতিষ্ঠান। ২১০ মিটারের বেশি উঁচু একটিমাত্র পাইলনের ওপর দাঁড়িয়ে থাকা এই সেতুর দুই পাশে পথচারী ও সাইক্লিস্টদের জন্য পাঁচ মিটার চওড়া আলাদা লেন রয়েছে। পাইলনের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা কিংবা সাইকেলে সেতু পার হয়ে বালি নদীর তীর ধরে ফেরিঘাটে গিয়ে আবার ফেরিতে তামসুই ফিরে আসা—ভ্রমণপিয়াসিদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।
সূত্র:ভিএন এক্সপ্রেস, ভিয়েতনাম ডট ভিএন

