জাপানের খাদ্য অপচয় রোধ ও ইকো-ফিড বিপ্লব

ইকো-ফিড তৈরি
সরকার, বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রতিষ্ঠানের গবেষকদের নিয়ে দীর্ঘ ট্রায়াল ও ভুলের মধ্য দিয়ে তিনি ল্যাকটিক অ্যাসিড ফারমেন্টেশনের মাধ্যমে শূকরের জন্য একটি তরল খাদ্য বা ‘ইকো-ফিড’ তৈরি করেন। এই খাবারে পিএইচ মাত্রা ৪.০-এ নামিয়ে আনা হয়। যার ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না এবং কোনো রেফ্রিজারেশন ছাড়াই খাবারটি ১০ দিন পর্যন্ত ভালো থাকে। দেখতে হালকা ও ঘোলাটে এই ইকো-ফিডের স্বাদ টক দইয়ের মতো। মজার বিষয় হলো, সাধারণ আমদানি করা খাবারের তুলনায় এই ইকো-ফিড তৈরিতে ৭০ শতাংশ কম গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
বর্তমানে জাপানের সাগামিহারা শহরে অবস্থিত এই সেন্টারটিতে প্রতিদিন সুপারমার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর এবং কনভেনিয়েন্স স্টোরের উৎপাদিত প্রায় ৪০ টন খাদ্য অপচয় প্রক্রিয়াজাত করা হয়। গিওজা স্কিন, ভাত, বাঁধাকপি, পাউরুটি, ফলের খোসা ও ছানার পানির মতো উপাদানগুলো নির্দিষ্ট ক্যালোরি ও পুষ্টির মাপে মিশিয়ে এই ফিড তৈরি করা হয়। এই ইকো-ফিড খামারিদের কাছে প্রচলিত ফিডের অর্ধেক দামে বিক্রি হয় এবং শূকরের বয়স ও চাহিদা অনুযায়ী এতে লাইসিন বা অ্যামিনো অ্যাসিড বাড়িয়ে মাংসের মানও নিয়ন্ত্রণ করা যায়।
সবচেয়ে বড় কথা হলো, সমাজ বদলানোর তাগিদে তাকাহাসি এই প্রযুক্তির কোনো পেটেন্ট নেননি, যাতে অন্যরা এটি অনুকরণ করতে পারে। জাপানের বহু বছরের এই গাঁজন বিজ্ঞানের সঠিক প্রয়োগ আজ প্রমাণ করেছে যে, পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগের মাধ্যমেও লাভজনক ব্যবসা পরিচালনা করা সম্ভব।
সূত্র:বিবিসি

