শীতে ত্বকে কোন তেল ব্যবহার করবেন

আমন্ড অয়েল
ত্বকের উপযোগী তেল হিসেবে পুরো পৃথিবীতে বেশ গুরুত্ব পায় আমন্ড তেল। এই তেলে ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি। শারমিন কচির পরামর্শ, রাতে ঘুমানোর আগে আমন্ড তেল ত্বকে মাখলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগাতে সাহায্য করে এই তেল। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা এই তেল কম ব্যবহার করবেন। আমন্ড তেল শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখে। চোখের নিচের কালো দাগ হালকা করে এই তেল।
নারকেল তেল
নারকেল তেলে কুলিং ইফেক্ট রয়েছে বলে তা শীতকালে একটু এড়িয়ে যাই আমরা। কিন্তু এই তেল খুব দ্রুত ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতি কমিয়ে আনতে পারে। শোভন সাহা বলেন, ‘যাঁদের ত্বক একেবারে শুষ্ক, তাঁরা শরীরে কোল্ড প্রেসড নারকেল তেল ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য বডি ময়শ্চারাইজার হিসেবে এই তেল খুব ভালো।’ নারকেল তেলে আছে লরিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড ও ভালো ইমোলিয়েন্ট, যা ত্বক ময়শ্চারাইজ করে। তবে নারকেল তেল মুখে ব্যবহার না করাই ভালো।

