মাসের শুরুতেই নতুন পোশাক কেনার কথা ভাবছেন? কেনার আগে যে বিষয়গুলো মনে রাখতে হবে

অনুষ্ঠানের পোশাক নিয়ে বিশেষ ভাবনা
ভেবে দেখুন তো, কোনো বিয়ে, জন্মদিন বা পারিবারিক আয়োজনে পরার জন্য জমকালো পোশাক কেনার পর তা পরবর্তীকালে কতবার পরেছেন। যত্রতত্র কেনার ফলে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে এক ট্রাক টেক্সটাইল বর্জ্য পোড়ানো হয়। এ থেকে পরিত্রাণের উপায় কী? এখানেও পুনর্ব্যবহারের কথা বলা যায়। ধরুন, মায়ের বিয়ের ওড়না বা শাড়ি পুরোনো স্য়ুটকেসে বছরের পর বছর রেখে না দিয়ে যদি একটু ভ্যালু অ্যাড করে অনুষ্ঠানে পরা যায়, তাহলে পোশাক কেনার খরচ অনেকটাই কমে। এতে সবুজ পৃথিবী গড়তেও খানিকটা ভূমিকা রাখা যায়।
পোশাকের উপকরণ সম্পর্কে জানুন
টেকসই পণ্য কেনার ক্ষেত্রে কোন উপকরণে পোশাক তৈরি হচ্ছে, তা জানা খুবই জরুরি। সিনথেটিক জাতীয়, যেমন পলিয়েস্টারের পোশাক, এড়িয়ে চলুন। বিশ্বে তৈরি হওয়া ৫৫ শতাংশ পোশাকই পলিয়েস্টারের। এগুলো তৈরিতে জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হয় এবং পুরোনো অবস্থায় ফেলে দেওয়ার পর এগুলো মাটির সঙ্গে মিশে যেতে অনেক সময় লাগে। জৈব তুলা উৎপাদনে অন্যান্য তুলার চেয়ে কম পানি লাগে এবং এতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয় না। পোশাক কেনার সময় পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সনদ আছে কি না, সেদিকেও লক্ষ রাখতে হবে।

