আলমডাঙ্গায় মাদক ও জুয়াবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুজনের কাছ থেকে ২২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শীতল বিশ্বাসের নেতৃত্বে বড়বোয়ালিয়া মিলবাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর (রুয়েরকান্দি) গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে নয়ন (২০) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা পুলপাড়ার জিয়ারুলের ছেলে সোহাগ আলীকে (১৮) গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ২২ পিস ইয়াবা। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা বড় হাটবোয়ালিয়া এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছিল। তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে উপজেলার মোড়ভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানা নামের এক অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের রমজান আলীর ছেলে। পুলিশ জানায়, গত ৭ অক্টোবর আলমডাঙ্গা থানায় হওয়া একটি অনলাইন জুয়া সংক্রান্ত মামলার তদন্তে মাসুদ রানার সম্পৃক্ততা পাওয়া যায়। জানা গেছে, অনলাইন জুয়ার পেছনে ছুটে তিনি নিজের সর্বস্ব হারিয়েছেন। জুয়ার অর্থের জন্য প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি এবং মা-বাবা ও স্ত্রীর সঙ্গে অসদাচরণ করতেন। তার গ্রেপ্তারে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন।
এদিকে শনিবার রাতে হাটবোয়ালিয়া বাজারের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন লিপন বিশ্বাস (৪৪) নামের এক ব্যক্তি। তিনি হাটবোয়ালিয়া গ্রামের তাহের বিশ্বাসের ছেলে। স্থানীয় লোকজন তাকে আটক করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিয়ন্ত্রণে নেয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে ডোপ টেস্ট করা হলে তার শরীরে ইয়াবা সেবনের প্রমাণ মেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, লিপন বিশ্বাসকে তাৎক্ষণিক বিচারের লক্ষ্যে সামারি ট্রায়ালে আদালতে উপস্থাপন করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া বাকিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

