আলমডাঙ্গায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক ও জুয়াবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এদের মধ্যে দুজনের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মিলবাজারে ইয়াবাসহ দুজন ধরা
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শীতল বিশ্বাসের নেতৃত্বে একটি দল বড়বোয়ালিয়া মিলবাজারে অভিযান চালায়। অভিযানে মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর (রুয়েরকান্দি) গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে নয়ন (২০) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা পুলপাড়ার জিয়ারুলের ছেলে সোহাগ আলীকে (১৮) গ্রেপ্তার করা হয়।
আটকের পর তাদের দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা বড় হাটবোয়ালিয়া এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছিল। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
একই রাতে উপজেলার মোড়ভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানা নামের এক অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের রমজান আলীর ছেলে। পুলিশ জানায়, গত ৭ অক্টোবর আলমডাঙ্গা থানায় হওয়া একটি অনলাইন জুয়া মামলার তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন মাসুদ রানা। অনলাইন জুয়ার পেছনে ছুটে তিনি নিজের সহায়-সম্বল সবকিছু ধ্বংস করেছেন। এমনকি জুয়া খেলার টাকার জন্য স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তাকে গ্রেপ্তারের পর পরিবারটিতে স্বস্তি নেমে এসেছে।
নেশাগ্রস্ত অবস্থায় আটক
এদিকে শনিবার রাতে হাটবোয়ালিয়া বাজারে বিএনপি কার্যালয়ের সামনে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তি সৃষ্টি করছিলেন লিপন বিশ্বাস (৪৪) নামের এক ব্যক্তি। তিনি হাটবোয়ালিয়া গ্রামের তাহের বিশ্বাসের ছেলে। মাতলামি করায় স্থানীয় লোকজন তাকে আটক করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
আটকের পর লিপন বিশ্বাসকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, হাসপাতালে ডোপ টেস্ট করানো হলে তার শরীরে ইয়াবা সেবনের প্রমাণ মেলে। পরবর্তীতে তাকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়ালে আদালতে তোলা হয়। বাকি আসামিদেরও নিজ নিজ মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।

