আলমডাঙ্গায় শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: শিক্ষক গ্রেফতার হলেও ক্ষোভ পরিচালকের বিরুদ্ধে, আলটিমেটাম
আলমডাঙ্গায় পবিত্র কোরআনের হাফেজ সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে পুলিশ গ্রেফতার করেছে। তবে অভিযুক্ত শিক্ষক ধরা পড়লেও ক্ষোভের আগুন নিভছে না স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে। উল্টো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি ও হেনস্তার অভিযোগে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া ইসলাম হিরোর ভূমিকা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনায় ইন্ধনদাতা হিসেবে পরিচালক জাকারিয়া ইসলাম হিরোসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। রবিবার বেলা ১১টার দিকে শহরের হাইরোডে ‘অভিভাবক ও সচেতন আলমডাঙ্গাবাসী’র ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকে পরিচালককে গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ে দাবি না মানলে থানা ঘেরাও ও শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারিও এসেছে সমাবেশ থেকে।
যেভাবে নিপীড়নের ঘটনা প্রকাশ পায়
মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী এবং কোরআনে হাফেজ। শিশুটির মা ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা। সেই সুবাদে প্রায় আট মাস আগে নিজের মেয়েকে বাড়িতে প্রাইভেট পড়ানোর দায়িত্ব দেন একই প্রতিষ্ঠানের শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে। প্রাইভেট পড়ানোর আড়ালে শিক্ষক জাহিদ বিভিন্ন সময়ে শিশুটিকে যৌন হয়রানি করেন এবং শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন। কাউকে কিছু না জানাতে ভীতিও প্রদর্শন করা হয়।
টানা মানসিক চাপের মুখে শিশুটির আচরণে দৃশ্যমান পরিবর্তন আসে। সে ভয়ে জড়সড় হয়ে পড়ে, স্বাভাবিক খাওয়াদাওয়া ছেড়ে দেয় এবং একা একা কান্নাকাটি করতে থাকে। একপর্যায়ে ওই শিক্ষকের কাছে পড়তে অসম্মতি জানালে মা কারণ জানতে চান। তখন খালাতো বোন ও মায়ের কাছে দীর্ঘদিনের নিপীড়নের কথা প্রকাশ করে শিশুটি। এ ঘটনায় শনিবার রাতে শিশুর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করে।
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ও ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিশুটির পরিবারের অভিযোগ, শিক্ষকের অপকর্মের বিচার চেয়ে ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জাকারিয়া ইসলাম হিরোর দ্বারস্থ হলে কোনো সুবিচার মেলেনি। উল্টো প্রতিষ্ঠানের কথিত সুনাম রক্ষার দোহাই দিয়ে বিষয়টি গোপন রাখতে চাপ দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষিকাকে চাকরিচ্যুত করার ভয় দেখানো ছাড়াও প্রতিষ্ঠানের স্টাফ মিটিংয়ে তাকে প্রকাশ্যে অপদস্থ ও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।
রবিবারের মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, কোনো শিশুর নিরাপত্তা ও সম্ভ্রমের চেয়ে প্রতিষ্ঠানের তথাকথিত সুনাম কখনো বড় হতে পারে না। শিক্ষকের মতো পেশায় থেকে যে ব্যক্তি শিশুর ওপর পাশবিক আচরণ করতে পারে, তার কঠোর শাস্তি হওয়া দরকার। পাশাপাশি অপরাধীর পক্ষে সাফাই গেয়ে যারা ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং ভুক্তভোগী পরিবারকে মানসিক চাপে রেখেছে, তাদেরও ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তদন্ত যেন কোনো প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ব্যাহত না হয়, সেই দাবিও জানানো হয়।
বিক্ষোভকারীদের তিন দফা দাবি
সমাবেশে বক্তব্য দেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জেসমিন আরা খানম, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন, খন্দকার আব্দুল কাদের, সোহানুর রহমান, মোল্লা ফারুক ইসলাম, মাহমুদুল হক তন্ময়, আব্দুর রশিদ মঞ্জু, সুলতানুল আরেফিন তাইফু, সাদ্দাম খান, মাহমুদুল হক, সেলিম, জসিম, তাওহীদ মুসাব, মঞ্জুরুল ইসলাম, কামরুজ্জামান কাজল ও রাকিব আহমেদসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
মানববন্ধন থেকে মূলত তিনটি দাবি পেশ করা হয়—গ্রেফতার শিক্ষক জাহিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, অপরাধীকে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত এবং পরিচালক জাকারিয়া ইসলাম হিরোসহ জড়িত সকলকে আইনের আওতায় আনা। সেই সঙ্গে নিপীড়িত শিশুর সামাজিক মর্যাদা ও মানসিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের লিখিত এজাহার পাওয়ার সঙ্গে সঙ্গেই মূল অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

