আলমডাঙ্গায় গোপন বৈঠকের সময় সাবেক ইউপি চেয়ারম্যান বাবলুসহ আটক ৭

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া ঈদগা বাজারের পাশের একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে ঘিরে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতার প্রস্তুতি চলছিল। এমন তথ্যের ভিত্তিতে ভাংবাড়ীয়া ঈদগা বাজারসংলগ্ন আলী প্রামাণিকের চায়ের দোকানে অভিযান চালায় পুলিশ। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। সেখান থেকেই হাতেনাতে ওই সাতজনকে ধরা হয়। আটকের পর পুলিশ ভ্যানে তোলার সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ বলে স্লোগান দেন।
আটক ব্যক্তিরা হলেন—ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) এবং আজিজুল হক (৬৪)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ও উপ-পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। কর্মসূচি চলাকালে নাশকতার পরিকল্পনা করায় তাদের বিরুদ্ধে নিয়মিত নাশকতা মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

