বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদন
বিজ্ঞাপন

কোটচাঁদপুরে মাদকবিরোধী বিতর্কে নবম শ্রেণির জয়, সেরা বক্তা আনিকা

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
কোটচাঁদপুরে মাদকবিরোধী বিতর্কে নবম শ্রেণির জয়, সেরা বক্তা আনিকা

ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। 'মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতাই মুখ্য' বিষয়ে আয়োজিত এই যুক্তির লড়াইয়ে অষ্টম শ্রেণির দলকে হারিয়ে বিজয়ী হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থীরা। তবে ক্ষুরধার যুক্তি ও উপস্থাপনার শক্তিতে সবাইকে ছাপিয়ে শ্রেষ্ঠ বক্তার খেতাব অর্জন করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনিকা তাহসিন।

বুধবার (১১ নভেম্বর) বিদ্যালয়ের কোহিনুর অডিটোরিয়াম কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনা ও পরিচালনায় এতে বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোছাঃ ফরহানা খাতুন, মোছাঃ রোজলীন আক্তার বানু ও নাসরিন আক্তার।

প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে নবম শ্রেণি থেকে অংশ নেয় দলনেতা উম্মে হাবিবা, নিশাত সারিকা ও তাসনুভা ইসলাম সারাহ। অন্যদিকে বিপক্ষে অষ্টম শ্রেণির হয়ে লড়ে দলনেতা আফরা ছিদ্দিক, আনিকা তাহসিন ও মারিয়াম তাবাচ্ছুম।

মঞ্চে দুই দলের ক্ষুদে বিতার্কিকরাই তরুণ প্রজন্মের ওপর মাদকের ক্ষতিকর প্রভাব, পারিবারিক মূল্যবোধের সংকট ও তা থেকে উত্তরণে সামাজিক প্রতিরোধের নানা দিক অত্যন্ত জোরালোভাবে তুলে ধরে। বিচারকদের বিবেচনায় সামগ্রিক দক্ষতায় নবম শ্রেণি বিজয়ী এবং অষ্টম শ্রেণি রানার্সআপ হয়। তবে উপস্থিত সবার নজর কাড়ে অষ্টম শ্রেণির আনিকা তাহসিনের সাবলীল বক্তব্য ও চটজলদি যুক্তি খণ্ডনের ক্ষমতা, যা তাকে এনে দেয় সেরা বক্তার গৌরব।

আয়োজন শেষে উভয় দলের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয়ের সভাপতি, সাবেক পৌর মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের শিক্ষণীয় ও গঠনমূলক আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুল, শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিক মন্ডল এবং ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ খাইরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষক ও সহপাঠীদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।

সংশ্লিষ্ট শিক্ষকরা মনে করেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও যুক্তিবোধকে শাণিত করে এবং তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...