চুয়াডাঙ্গায় এনজিও ঋণের ফাঁদে টাকা ও গয়না নিয়ে সপরিবারে উধাও দম্পতি

চুয়াডাঙ্গা সদর উপজেলার পুরাতনভান্ডারদহ গ্রামে সাধারণ মানুষের জমানো নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে এক দম্পতি সপরিবারে গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এনজিওর ঋণ পরিশোধের প্রলোভনসহ নানা কৌশলে অর্থ আত্মসাৎ করে গত এক সপ্তাহ ধরে তারা এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন। সহায়-সম্বল হারিয়ে এখন চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
অভিযুক্তরা হলেন পুরাতনভান্ডারদহ গ্রামের সাজ্জাদ ও তাঁর স্ত্রী আসানুর বেগম। স্থানীয়দের অভিযোগ, আসানুর বেগম প্রথমে নানা কৌশলে গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করেন। এরপর বিভিন্ন এনজিওর বকেয়া ঋণ পরিশোধ করে দিয়ে পুনরায় ব্যাংক বা সমিতি থেকে বড় অঙ্কের ঋণ তুলে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। শুধু তাই নয়, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে গ্রামের নারীদের কাছ থেকে সোনার গয়না ধার নিয়েও তিনি আর ফেরত দেননি। গত এক সপ্তাহ ধরে ওই দম্পতির মুঠোফোন বন্ধ এবং তাদের কোনো হদিস না মেলায় প্রতারণার বিষয়টি জানাজানি হয়।
প্রতারণার শিকার সাইদুর রহমানের স্ত্রী চম্পা খাতুন বলেন, ‘এনজিও’র ঋণ পরিশোধ করে টাকা উত্তোলনের পর ফেরত দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়া হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, একই গ্রামের তরিকুলের স্ত্রী শাহানাজ খাতুনের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও এক জোড়া সোনার কানের দুল এবং হাতেম আলীর স্ত্রী নাছিমা খাতুনের কাছ থেকে এক জোড়া সোনার কানের দুল ও রুলি হাতিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া মান্নানের মেয়ে শারমিনের ১১ হাজার টাকা এবং ইকরামুলের স্ত্রীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছেন ওই দম্পতি।
কষ্টের জমানো অর্থ ও মূল্যবান অলঙ্কার হারিয়ে ভুক্তভোগী পরিবারগুলো এখন দিশেহারা। আত্মসাৎ করা অর্থ ও গয়না উদ্ধারে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছেন। তবে গা-ঢাকা দেওয়ায় এবং মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে অভিযুক্ত আসানুর বেগম কিংবা তাঁর স্বামী সাজ্জাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

